২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোকেয়া সদনের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

‘সমন্বিত উদ্যোগের মাধ্যমে সহিংসতার শিকার নারী ও কন্যা শিশুকে সমাজের মূলধারায় পুনর্বাসিত করুন’-এ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ পরিচালিত নির্যাতনের শিকার নারীদের সাময়িক আশ্রয় ও পুর্নবাসন কেন্দ্র রোকেয়া সদনের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2017, 10:42 PM

Updated : 19 Aug 2022, 03:37 PM

বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সুফিয়া কামাল ভবন মিলনায়তনে মঙ্গলবার বিকালে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রথম পর্বের আলোচনা সভায় সংগঠনটির উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, “বর্তমানে নারীরা যৌন নির্যাতন ও গৃহে নির্যাতনের শিকার হচ্ছে সবচেয়ে বেশি। ধানমন্ডির মতো একটি জায়গায় শতকরা ৭৮ ভাগ নারী গৃহে ‌নির্যাতিত হচ্ছে। বাংলাদেশের যে প্রান্তেই হোক নিযাতিত নারীর পাশে থাকার চেষ্টা করি। আমাদের সকলের মিলিত প্রচেষ্টায়ই এটি দূর করা সম্ভব।”

সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মালেকা বেগম বলেন, “নারী নির্যাতনের বিরুদ্ধে এবং নারী মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে মহিলা পরিষদ শক্তিশালী ভূমিকা রেখে চলেছে। আমরা প্রত্যেকে যদি সহিংসতার শিকার নারীদের পাশে দাঁড়াই তাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেই, তবেই তারা জীবন সংগ্রামে ঘুরে দাড়াতে পারবে।”

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, “নারী নির্যাতন প্রতিরোধ ও প্রতিকারের আন্দোলনের প্রয়োজনে এবং মানবিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ের আশির দশকে এই রোকেয়া সদনের প্রতিষ্ঠা। আমরা আশা করছি, এ সদনে আশ্রয়গ্রহণকারী নারী ও শিশুরা সমাজের মূলধারায় ফিরে এসে সচেতন নাগরিক হিসেবে যেন দেশ ও সমাজের অগ্রগতিতে ভূমিকা রাখতে পারেন।”

সংগঠনটির সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, “সারাদেশে প্রতিনিয়ত নানা ধরনের নারী ও শিশু নির্যাতন হচ্ছে যার প্রতিফলন দৈনিক পত্রিকায় আমরা দেখে থাকি। বাংলাদেশ ব্যুরো অব স্ট্যাটিসটিকসের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের ৮১ ভাগ নারী ও কন‌্যা শিশু সহিংসতার শিকার হচ্ছে। এসব নির্যাতনের শিকার নারী ও শিশুদের নিরাপত্তা ও আশ্রয়ের প্রয়োজনে সামান্য সংখ্যক হলেও মহিলা পরিষদ এই রোকেয়া সদনের মাধ্যমে সহযোগিতা দিয়ে আসছে, বৃহত্তর নারী আন্দোলনে যার কিছু প্রভাব অবশ্যই পড়ছে।”

এসময় তিনি সরকারে কাছে নির্যাতনের শিকার নারী ও শিশুদের জন্য এ ধরনের আশ্রয়কেন্দ্র ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানান।

১৯৮৫ সালের ৩১ ডিসেম্বর সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সুফিয়া কামাল ও কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সামাজিক অনাচার ও সহিংসতার শিকার নারী ও কন্যাশিশুর নিরাপত্তা ও পুনর্বাসনের জন্য আশ্রয়কেন্দ্র হিসেবে রোকেয়া সদন যাত্রা শুরু করে।

নির্যাতিত নারীদের আইনগত সহায়তা প্রদানের জন্য নিরাপদ আশ্রয়কেন্দ্রের ব্যবস্থা করা, শারীরিক ও মানসিক আঘাত নিরাময়ের ব্যবস্থা করা এবং স্বাভাবিক জীবনে পুনর্বাসিত হওয়ার জন্য প্রস্তুত করা ছিল সদন প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য।

বর্তমানে রোকেয়া সদনে ১৭ জন নারী রয়েছে। এখানে একজন মেডিকেলের শেষ বর্ষের ছাত্রী, একজন সঙ্গীত কলেজের ৩য় বর্ষের এবং দুইজন পুরানা পল্টন কলেজের ছাত্রী; এছাড়া একজন মিডওয়াইফ ট্রেনিংয়ে, দুইজন এসএসসি পরীক্ষার্থী আছেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সদনে আশ্রয়গ্রহণকারী নারীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের সহ-সভাপতি ফৌজিয়া মোসলেম, রোকেয়া সদন উপ-পরিষদের সম্পাদক নাসরিন মনসুর।