২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনাকে নিয়ে লেখা বই গেল বঙ্গভবনে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য-স্বীকৃতি ও সংগ্রামী অভিযাত্রা নিয়ে রাজনীতিক, কবি-লেখক, সাংবাদিক, শিক্ষক, অর্থনীতিবিদ, আইনবিদ, নারী অধিকার আন্দোলনের নেত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার শীর্ষস্থানীয়দের লেখা সংকলন করে বই প্রকাশ করেছে আওয়ামী লীগের প্রচার উপ-পরিষদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2017, 08:48 PM

Updated : 11 Oct 2022, 01:24 PM

‘গণতন্ত্রের বহ্নিশিখা: শেখ হাসিনা’ শিরোনামের এই বই মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে হস্তান্তর করা হয়।

বইটির সম্পাদনা পরিষদের সভাপতি প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে যান বলে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানিয়েছেন।

তিনি সাংবাদিকদের বলেন, “বইটি প্রকাশের জন্য আওয়ামী লীগের প্রচার উপ-পরিষদকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বইটি পাঠের মাধ্যমে দেশের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম বাঙালির মুক্তি সংগ্রাম, মুক্তিযুদ্ধ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন ও কর্ম এবং বাংলাদেশের গণতন্ত্র ও উন্নয়নের অভিযাত্রা সম্পর্কে জানতে পারবে।”

বইতে চিত্রশিল্পীদের আঁকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতিও রয়েছে।

বইটি রাষ্ট্রপতিকে হস্তান্তরের সময় এর সম্পাদক আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, সম্পাদনা পরিষদের সদস্য তারিক সুজাত, সুভাষ সিংহ রায়, সাদিকুর রহমান উপস্থিত ছিলেন।