২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রগতি লেখক সংঘের জাতীয় সম্মেলন শুক্রবার

বাংলাদেশ প্রগতি লেখক সংঘের দ্বিতীয় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2017, 04:09 PM

Updated : 11 Apr 2022, 10:52 PM

ওইদিন সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে লেখক সাংস্কৃতিক সংগঠক কামাল লোহানী এ সম্মেলনের উদ্বোধন করবেন বলে বুধবার দুপুরে উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন থেকে জানানো হয়।

বাংলাদেশ প্রগতি লেখক সংঘ আয়োজিত এই সম্মেলনে বলা হয়, শুক্রবার সকালে সম্মেলনের উদ্বোধনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এরপর বিকালে শুরু হবে কাউন্সিল অধিবেশন।

সম্মেলনে জাপান, তুরস্ক, ভারত ও নেপালের প্রগতিশীল লেখকসহ সারা দেশের লেখকরা অংশ নেবেন বলে জানিয়েছেন আয়োজকরা।

সম্মেলন প্রস্তুতি পরিষদের যুগ্ম-আহ্বায়ক সাখাওয়াত টিপু সম্মেলনের লিখিত বক্তব্যে বলেন, “দেশে যখন মুক্তবুদ্ধি চর্চায় প্রত্যক্ষ-পরোক্ষভাবে নানা ধরনের শেঁকল পরানোর চেষ্টা চলছে, ঠিক সে সময়েই প্রগতি লেখক সংঘ সম্মেলনের ডাক দিয়েছে।

“লেখক-প্রকাশকদের ওপর উগ্র-মৌলবাদীগোষ্ঠী ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে। রাষ্ট্র সেসব ঘটনায় দায়ীদের দ্রুত চিহ্নিত ও শাস্তির ব্যবস্থা না করে বরং অপরাধীদের পরের হামলা চালানোর পথ তৈরি করে দিচ্ছে।”

মৌলবাদীদের খুশি রাখতে লেখক আর প্রকাশকদের সৃজনশীল চিন্তায় ‘স্বাধীনতার স্বপক্ষের শক্তি’ দাবিদার সরকার একের পর এক বাধা দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

সাখাওয়াত টিপু বলেন, “উগ্রবাদীদের ইচ্ছায় বদলে ফেলা হয়েছে পাঠ্যবই, গ্রেপ্তার হয়েছেন লেখক-প্রকাশক। বন্ধ করে দেওয়া হয়েছে বইমেলার স্টল। এছাড়া দেশে সৃজনশীল জ্ঞান ও সাহিত্য চর্চায় আছে আরও নানা বাধা। দেশের অন্যান্য নিষ্পেষিত গোষ্ঠীর মতো লেখকরাও তাদের ন্যূনতম অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।”

তিনি বলেন, “সত্যিকার অর্থে লেখকদের স্বার্থ নিয়ে কথা বলার মতো গণতান্ত্রিক সাংস্কৃতিক পাটাতন নেই। আর এর সঙ্গে জড়িয়ে আছে রাজনৈতিক সংস্কৃতির সীমারেখা। মুক্তবুদ্ধি বিকাশে যে গণতান্ত্রিক রাষ্ট্র আর সমাজকাঠামো দরকার, বাংলাদেশে তা একেবারে অনুপস্থিত।”

বাংলাদেশ প্রগতি লেখক সংঘের কার্যকরী সভাপতি গোলাম কিবরিয়া পিনুর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য মতলুব আলী, অধ্যাপক এম এ আজিজ মিয়া, প্রচার সম্পাদক কবি রহমান মুফিজ, প্রকাশনা ও গবেষণা সম্পাদক শাহাদাত হোসেন শ্যামল, সম্মেলন প্রস্তুতি পরিষদের সদস্য দীপংকর গৌতম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অভিনু কিবরিয়া ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য হাবীব ইমন, সম্মেলন প্রস্তুতি পরিষদের সদস্য কবি রাহাত মুস্তাফিজ।