উত্তরে ইলশে গুঁড়ির আভাস
শৈত্যপ্রবাহ কেটে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। এরই মধ্যে আগামী সপ্তাহে দেশের উত্তরাঞ্চলে গুঁড়ি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এরই মধ্যে মঙ্গলবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। এসময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস; যা থাকতে পারে আরও দু’দিন।
আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস জানান, দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুমী তৃতীয় শৈত্যপ্রবাহ বয়ে গেছে টানা ১২দিন। বিস্তীর্ণ অঞ্চলে ১২ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত মৃদু থেকে তীব্র (৪ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা) শৈত্যপ্রবাহ বয়ে যায়। এরমধ্যে দেশজুড়ে ছিল ১২ ও ১৩ জানুয়ারি।
“দিন-রাতের তাপমাত্রা বাড়তে থাকায় শৈত্যপ্রবাহ কেটে যাওয়ার পর মঙ্গলবার থেকে পরিস্থিতির উন্নতি হচ্ছে; আরও দু’দিন তা অব্যাহত থাকবে। তবে আগামী সপ্তাহে উত্তরাঞ্চলে গুঁড়ি গুঁড়ি থেকে হালকা বৃষ্টি হতে পারে,” বলেন এ আবহাওয়াবিদ।
বৃষ্টির পর শীতের তীব্রতা আরেক দফা বাড়তে পারে বলে জানান রুহুল কুদ্দুস।
এবার শীত মৌসুমে ডিসেম্বরের শুরুতে একটি মৃদু শৈত্যপ্রবাহ, পৌষের শেষভাগে এসে ৮ জানুয়ারি দ্বিতীয় দফা ও ১২ জানুয়ারি তৃতীয় দফা শৈত্যপ্রবাহ বয়ে যায়। এবার সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়।
ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীতের মৌসুম ধরা হয়। গতবছরের তুলনায় এবার এই মৌসুমে এই পর্যন্ত গড় তাপমাত্রাও বেশি রেকর্ড করে আবহাওয়া অধিদপ্তর।
জানুয়ারি মাসের দীর্ঘ মেয়াদী পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে একটি মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) অথবা তীব্র (৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস) এবং অন্যত্র দুয়েকটি মৃদু (৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
