২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তামাক পণ্যে ছবিসহ সতর্কবাণী মুদ্রণে ‘ঘাপলা’

বাংলাদেশের বাজারে থাকা শতকরা ৫১ ভাগ তামাকপণ্যের মোড়কে ছবিসহ স্বাস্থ্য সতর্কবাণী মুদ্রণের নির্দেশনা শতভাগ অনুসরণ করা হয়নি বলে তামাকবিরোধী সংগঠনগুলো দাবি করেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2017, 10:08 PM

Updated : 11 Apr 2022, 10:51 PM

তামাকবিরোধী সাতটি সংগঠন গত বছরের ১৬ থেকে ২৩ নভেম্বর ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে একযোগে জরিপ চালিয়ে পাওয়া ফলের ভিত্তিতে রোববার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি করে।

সংবাদ সম্মেলন থেকে তামাক কোম্পানিগুলোকে প্যাকেট বা কৌটার উপরের অংশে অন্যূন ৫০ ভাগ স্থান জুড়ে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী মুদ্রণে বাধ্য করাসহ বেশ কয়েকটি সুপারিশও করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জাতীয় অধ্যাপক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার আব্দুল মালিক বলেন, তামাকের বিরুদ্ধে আন্দোলন সামাজিকভাবে গড়ে তুলতে হবে। এজন্য সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) অনুযায়ী, সব তামাকজাত দ্রব্যের প্যাকেট, মোড়ক, কার্টন বা কৌটার উভয় পাশে মূল প্রদর্শনী তলের উপরিভাগে অন্যূন শতকরা ৫০ ভাগ পরিমাণ স্থানজুড়ে তামাকজাত দ্রব্যের ব্যবহারের কারণে সৃষ্ট ক্ষতি সম্পর্কিত রঙিন ছবি ও লেখা সম্বলিত স্বাস্থ্য সতর্কবাণী মুদ্রণ বাধ্যতামূলক।

সংবাদ সম্মেলনে জরিপের ফল উপস্থাপন করেন প্রজ্ঞার কো-অর্ডিনেটর হাসান শাহরিয়ার। উপস্থিত ছিলেন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সমন্বয়কারী যুগ্ম-সচিব মুহাম্মদ রূহুল কুদ্দুস, ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিড্স (সিটিএফকে) এর গ্রান্টস ম্যানেজার ডা. মাহফুজুল হক ভুঁঞা, দি ইউনিয়ন’ এর টেকনিক্যাল অ্যা ডভাইজার এডভোকেট সৈয়দ মাহবুবুল আলম, ‘ভাইটাল স্ট্র্যাটেজি’এর বাংলাদেশ কান্ট্রি এডভাইজার মো. শফিকুল ইসলাম, ‘উবিনীগ’ এর নির্বাহী পরিচালক ফরিদা আখতার এবং আত্মা’র কো-কনভেনর নাদিরা কিরণ।

তামাকবিরোধী সংগঠন প্রজ্ঞা, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, ঢাকা আহ্ছানিয়া মিশন, এসিডি, ইপসা এবং সীমান্তিক এই জরিপ পরিচালনা করে।

প্রজ্ঞার হাসান শাহরিয়ার জানান, বিড়িতে ১০০ শতাংশ (৬০টি), জর্দায় ৯৬.৪ শতাংশ (৪৫৬টি), গুল -এ ৭৫.৮৬ শতাংশ (৪৪টি) এবং সিগারেটের ২০.৮৮ শতাংশ (১৮৫টি) ক্ষেত্রেই শতভাগ আইন মেনে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী বাস্তবায়ন করা হয়নি।

“শতকরা ৯২ ভাগ তামাকপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সচিত্র সতর্কবাণী মুদ্রণ সংক্রান্ত শতভাগ কমপ্লায়েন্স অনুসরণ না করেই তামাকপণ্য বিক্রয় করছে। আর শতকরা ১৯.২ ভাগ (৩৫০) তামাকপণ্যের প্যাকেটে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী নেই।”

জরিপে দেখা যায়, ৪৪টি ব্রান্ডের সিগারেটের মধ্যে ৩৫টি এবং ১৭টি ব্রান্ডের বিড়ির মধ্যে ১২টি ব্রান্ডের প্যাকেট পূর্ববর্তী পর্বের ছবিসহ বাজারে বিক্রি হচ্ছে।

ধোঁয়াবিহীন তামাকপণ্যের ক্ষেত্রে আইন প্রতিপালনের হার খুবই উদ্বেগজনক বলে মন্তব্য  করেন হাসান শাহরিয়ার। শতকরা ৪০.২ ভাগ জর্দা কৌটায় এবং শতকরা ২৩.৭ ভাগ গুল কৌটায় সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী পাওয়া যায়নি বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে বলা হয়, স্বল্পদামি সিগারেট, বিড়ি, জর্দা ও গুল যেগুলো মূলত নিরক্ষর ও নিম্নআয়ের মানুষ বেশি ব্যবহার করে সেসব ক্ষেত্রে সতর্কবাণী সংক্রান্ত আইন প্রতিপালনের হার আরও বেশি হতাশাজনক।

শাহরিয়ার বলেন, “তামাকপণ্যে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী মুদ্রণ বাধ্যতামূলক বিষয়টি সম্পর্কে শতকরা ৩১ ভাগ বিক্রেতা অবগত নন। শতকরা ৭০.৮ ভাগ বিক্রেতাই জানেন না ৩ মাস অন্তর সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী পরিবর্তন বিষয়ক আইনগত বাধ্যবাধকতা রয়েছে।”

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, শক্তিশালী সরকারি নজরদারির মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষার এই কার্যকর হাতিয়ার সঠিকভাবে বাস্তবায়ন করলে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ২০৪০ সালের মধ্যে ‘তামাকমুক্ত বাংলাদেশ’ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদ সম্মেলনে তামাক কোম্পানিগুলোকে প্যাকেট বা কৌটার উপরের অংশে অন্যূন ৫০ ভাগ স্থানজুড়ে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী মুদ্রণে বাধ্য করা, সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী যেন আইনসম্মত উপায়ে মুদ্রণ করা হয় তা নিশ্চিত করা, আইন লঙ্ঘনকারী তামাক কোম্পানিগুলোকে জরিমানা করা এবং আইন লঙ্ঘন করা হয়েছে এমন তামাকপণ্য ধ্বংস করাসহ মোবাইল কোর্ট এর সংখ্যা বাড়ানোর পাশাপাশি আইন বাস্তবায়নকারী কর্তৃপক্ষকে আরও বেশি কার্যকরের সুপারিশ করা হয়।