২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্ছনার তদন্ত প্রতিবেদন হাই কোর্টে

নারায়ণগঞ্জে স্কুল শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন হাই কোর্টে জমা পড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2017, 03:22 PM

Updated : 19 Aug 2022, 03:31 PM

আগামী রোবববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের হাই কোর্ট বেঞ্চে প্রতিবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু সাংবাদিকদের জানিয়েছেন।  

ঢাকার মুখ্য মহানগর হাকিম শেখ হাফিজুর রহমান ৬৫ পৃষ্ঠার ওই প্রতিবেদনটি বৃহস্পতিবার হাই কোর্টে উপস্থাপনের জন‌্য নিয়ে আসেন। সাবেক প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের মৃত্যুতে বেলা ১১টার পর সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ থাকায় সেটি সংশ্লিষ্ট শাখায় জমা দেওয়া হয়।

মোতাহার হোসেন সাজু বলেন, ঢাকার মুখ্য মহানগর হাকিম বিভিন্ন ধাপে সাক্ষ্যগ্রহণ করেছেন, ভিডিও ফুটেজ, অডিও রেকর্ডসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করেছেন। মোট ৬৫ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন হলফনামা আকারে আদালতে দাখিল করেছেন।

“আমাদের কাছেও এর অনুলিপি এসেছে। আগামী রোববার আদালতের কার্যতালিকায় এটি আসবে এবং বিস্তারিত শুনানি হবে।”

তবে শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কান ধরে উঠ-বসের ঘটনায় স্থানীয় সাংসদ সেলিম ওসমানের সংশ্লিষ্টতার প্রমাণ বিচারিক তদন্তে পাওয়া গেছে কি না- সে বিষয়ে কিছু বলতে রাজি হননি এই ডেপুটি অ্যাটর্নি জেনারেল। বিষয়টি বিচারাধীন হওয়ায় প্রতিবেদনের বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত বলতে তিনি অপারগতা প্রকাশ করেন।

তবে তিনি জানান, নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের সংশ্লিষ্ট ছাত্র ও তার মা, জেলা প্রশাসন, পুলিশ ও মসজিদের ইমামের সাক্ষ্য ওই প্রতিবেদনে রয়েছে।

ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত বছরের ১৩ মে পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ‌্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তিকে তারই স্কুলের প্রাঙ্গণে লাঞ্ছিত করা হয়। ঘটনাটি প্রকাশ পেলে দেশজুড়ে নিন্দা-প্রতিবাদের ঝড় বয়ে যায়।

ওই ঘটনার ভিডিওতে প্রধান শিক্ষককে কান ধরে উঠ-বসের নির্দেশ দিতে দেখা যায় স্থানীয় সংসদ সদস‌্য সেলিম ওসমানকে। এরপর তার শাস্তির দাবিও ওঠে।

ওই ঘটনা নিয়ে সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে এলে গত বছরের ১৮ মে হাই কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেয়।

রুলে সেলিম ওসমানসহ জড়িতদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চাওয়া হয়। 

আদালতের নির্দেশে নারায়ণগঞ্জের পুলিশ একটি প্রতিবেদন দিলেও ‘সেলিম ওসমানকে ছাড় দিয়ে দায়সারা’ ওই প্রতিবেদন প্রত‌্যাখ‌্যান করে ১০ আগস্ট বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেয় হাই কোর্ট।

শ্যামল কান্তিকে কানধরে উঠ-বসের ঘটনায় সেলিম ওসমান জড়িত কি না- তা খতিয়ে দেখে ঢাকার মুখ্য মহানগর হাকিমকে ৩ নভেম্বরে মধ্যে প্রতিবেদন দিতে বলা হয় ওই আদেশে।    

নির্ধারিত সময়ের মধ্যে কেন প্রতিবেদন জমা পড়েনি জানতে চাইলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাজু বলেন, “প্রথমত নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত শেষ হয়নি। দ্বিতীয়ত, যে আদালত তদন্তের নির্দেশ দিয়েছিলেন সে আদালতের বিচারিক এখতিয়ার পরিবর্তন হওয়ায় এবং অন্য কোনো আদালতে তা উপস্থাপন না হওয়ায় তা কার্যতালিকায় আসেনি।”

আরও খবর

নারায়ণগঞ্জের শিক্ষক লাঞ্ছনায় শুরু হয়েছে বিচারিক তদন্ত

না’গঞ্জে শিক্ষককে কান ধরিয়ে উঠবস: তদন্তে কমিটি

‘স্যরি স্যার’

এমপি সেলিমের বিচার চেয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মসূচি

পুলিশের করার কিছু নেই: এসপি

কার কাছে ক্ষমা চাইতে বলছেন, প্রশ্ন সেলিম ওসমানের

শিক্ষককে কান ধরিয়ে উঠ-বসে শাস্তি হবে: আইনমন্ত্রী  

পুরনো খবর:

বিচার বিভাগীয় কমিটিতে শিক্ষক শ‌্যামল কান্তির সাক্ষ‌্য
শিক্ষক লাঞ্ছনা: এমপি সেলিম ওসমানের দোষ পায়নি পুলিশ
নারায়ণগঞ্জের শিক্ষক লাঞ্ছনার বিচারিক তদন্ত হবে
শিক্ষক লাঞ্ছনা: বিচারিক তদন্ত কমিটির সামনে ছাত্রসহ ১৯ জন