২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিএসআইআরে শুরু তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা

বাসযোগ্য এক ‍পৃথিবী গড়ার স্বপ্নে বিভোর একদল খুদে বিজ্ঞানীর নানা প্রকল্প নিয়ে রাজধানীর বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে (বিসিএসআইআর) শুরু হয়েছে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2017, 02:19 PM

Updated : 11 Oct 2022, 01:21 PM

খুদে বিজ্ঞানীদের ১৪৬টি প্রকল্প নিয়ে শুরু এই মেলায় প্রদর্শিত হচ্ছে বিসিএসআইআরের বিভিন্ন গবেষণা কর্মকাণ্ডও; ঠাঁই পেয়েছে শিল্প উদ্যোক্তাদের নানা পণ্য।

বৃহস্পতিবার সকালে বিসিএসআইআর প্রাঙ্গণে এই মেলার উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান।

মন্ত্রী মেলায় স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের তৈরি বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রকল্প দেখে তাদের প্রশংসা করেন।

তিনি বলেন, “আজকাল অনেক অভিভাবকই বলছেন, ছেলেমেয়েরা আর বিজ্ঞান পড়তে আগ্রহী নয়। কিন্তু দেখুন তো বিজ্ঞান তাদের হাতে কি না ধরিয়ে দিয়েছে। তারা তো সারাদিন টেপাটেপিতে ব্যস্ত। বিজ্ঞান –প্রযুক্তি খাতে তারা মেধা, মনন, উৎকর্ষের স্বাক্ষর রেখে অনেক দূর এগিয়ে গেছে।”

খুদে বিজ্ঞানীদের প্রশংসার পাশাপাশি তাদের উৎসাহ দেওয়ার প্রসঙ্গ টেনে ইয়াফেস ওসমান বলেন, “তাদের ধ্যানধারণার সঙ্গে নিজেদের মেলাতে হবে। তাদের উৎসাহ জোগাতে হবে।”

উদ্বোধনীতে সরকার ঘোষিত ‘ডিজিটাল বাংলাদেশ প্রকল্প’ নিয়ে এক সময় অনেকে ঠাট্টা-বিদ্রুপ করলেও বর্তমানে পরিস্থিতির বদল হয়েছে বলে মন্তব্য করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস।

তিনি বলেন, “কদিন আগেও ইলেকট্রিসিটি চলে গেলে লোকে ঠাট্টা করত- ‘এই হচ্ছে ডিজিটাল বাংলাদেশ’। কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২১ এখন আর নিছক গল্প নয়, নয় কোনো কল্পনা।”

বিসিএসআইআরের চেয়ারম্যান ফারুক আহমেদের সভাপতিত্বে উদ্বোধনীতে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

দেশে বিজ্ঞানীদের কর্মক্ষেত্র আরও বিস্তৃত করার আহ্বান জানান ফজলে নূর তাপস।

মেলায় পানি, বিদ্যুৎ,গ্যাস আর যানজট সমস্যার সমাধানের পাশাপাশি খুদে বিজ্ঞানীরা নবায়নযোগ্য শক্তি, বর্জ্য ব্যবস্থা আর নগর পরিকল্পনার নানা মডেলও উপস্থাপন করেছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে প্রকৃতির নানা উপাদানকে বিজ্ঞানসম্মত উপায়ে ব্যবহারের নানা প্রকল্প উপস্থাপনায় মেলায় আসা অনেক দর্শককে মুগ্ধতা প্রকাশ করতে দেখা যায়।

মেলায় বিসিএসআইআর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রকল্পগুলোর মধ্যে ছিল, ‘রি সাইক্লিং ওয়াটার’, ‘বাতাসের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন’, ‘আর্থকোয়াক সেন্সর’, ‘হাইড্রলিক ব্রিজ’। খুদে বিজ্ঞানীদের প্রকল্পগুলোর মধ্যে ছিল সমুদ্র স্রোত থেকে বিদ্যুৎ উৎপাদন, ময়েশ্চার সেন্সর, স্মার্ট সিটি, স্মার্ট নিও সিকিউরিটি সিস্টেম, চৌম্বকীয় পদ্ধতি দ্বারা বিদ্যুৎ উৎপাদন, অর্ডিনো এগরিকালচার, কিউর সাইলেন্ট কিলার ডিজিজেজ বাই গ্রিন মেডিকেশন, আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স রোবট অ্যান্ড হেলথকেয়ার কম্পানিয়ন-মুনা, ডিজিটাল ইকো কন্স্ট্রাকশন উইথ অটোমেটিক ইনটেলিজেন্স, ওয়াটার রিক্রেশন অ্যান্ড কারেন্ট ওয়াটার, বায়ো ওয়াটার পিউরিফিকেশন মডেল, গ্র্যাভিটি লাইট-এ সোর্স অফ অল্টারনেটিভ ইলেকট্রিসিটি, হাইড্রোপোনিক কালটিভেশন সিস্টেম ইত্যাদি।

কলেজ পর্যায়ে অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রকল্পগুলোর মধ্যে ছিল, মাল্টিরোটর এগ্রোনোমি, প্রস্টেটিক মেকানিক্যাল আর্ম ফর ফিজিক্যাল ডিজঅ্যাবলস, লেজার লাইট সিকিউরিটি সিস্টেম উইথ এলডিআর, একুয়ানিক্স: রি ইমেজিং ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্ট, আর্টিফিসিয়াল ভিডিও লার্নার ফর নেক্সট জেনারেশন রোবট, ডিকম্পোজিশন অব প্লাস্টিক ইউজিং মাইক্রোওয়েবস।

মেলায় অংশ নিয়েছে সাতটি ক্লাব ও তিনটি প্রতিষ্ঠান। ক্লাব পর্যায়ে প্রকল্পগুলোর মধ্যে ছিল, অটো অগ্নি নির্বাপক যন্ত্র, ফিলামেন্টবিহীন বাল্ব, ইনটেলিজেন্ট ড্রোন। প্রাতিষ্ঠানিক পর্যায়ে ছিল, ভূমিকম্প এলার্ম মেশিন, মাল্টি সিস্টেম এগ্রিকালচার প্রজেক্ট।

মেলায় চারটি স্তরে অংশ নেওয়া বিজ্ঞানীদের জন্য রয়েছে ১২টি পুরস্কার।

মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকছে।