২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতা: ফখরুলদের অভিযোগ গঠন পেছাল

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণের মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আসামিপক্ষের আবেদনে পিছিয়ে গেছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2017, 05:39 PM

Updated : 19 Aug 2022, 03:29 PM

রোববার মহানগর হাকিম সাদবীর ইয়াসির মাহমুদ চৌধুরী অভিযোগ গঠনের শুনানির জন‌্য ২৭ মার্চ নতুন তারিখ ঠিক করে দিয়েছেন।

এদিন এ মামলায় অভিযোগ গঠনের শুনানি হওয়ার দিন থাকলেও আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবাহ সময়ের আবেদন করেন।

তিনি আদালতকে বলেন, মা অসুস্থ থাকায় মির্জা ফখরুল আসতে পারেননি। তাছাড়া এ মামলা নিয়ে তাদের একটি আবেদন উচ্চ আদালতের বিবেচনাধীন। 

শুনানি শেষে বিচারক সময়ের আবেদন মঞ্জুর করে নতুন তারিখ ঠিক করে দেন।

তেজগাঁও থানার এসআই ইসমাইল মজুমদার ২০১২ সালের ২৯ এপ্রিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ ৩৬ নেতাকর্মীর বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। ঢাকায় হরতাল চলাকালে পরস্পর যোগসাজশে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।

তদন্ত শেষে গোয়েন্দা পুলিশের পরিদর্শক নূরুল আমীন ২০১৪ সালের ২৫ মে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, সিনিয়ার যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীসহ ৪৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

অভিযোগপত্র হওয়ার পর মামলাটি মহানগর হাকিম সাদবীর ইয়াসির মাহমুদ চৌধুরীর আদালতে স্থানান্তর হয়।