আদাবরে ঘরে বিশ্ববিদ্যালয় ছাত্রের গলাকাটা লাশ
রাজধানীর আদাবরে নিজের বাসা থেকে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শিহাবুর রহমান শিহাব (২৭) ঢাকার ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (আইইউবি) বিবিএ’র তৃতীয় বর্ষের ছাত্র।
শনিবার দুপুরে আদাবরের তিন নম্বর সড়কের ২৮ নম্বর বাড়ির তিনতলার একটি ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বাচ্চু মিয়া জানান।
শিহাবের ভাগ্নে (মামাতো বোনের ছেলে) আবু বক্কর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই ভাই ও এক বোনের মধ্যে শিহাব ছিলেন সবার বড়। তাদের গ্রামের বাড়ি মাদারীপুর। বাবা সিরাজুল ইসলাম ও মায়ের নাম শাহিনা সুলতানা।
স্বজনদের বরাত দিয়ে এসআই বাচ্চু বলেন, গত মঙ্গলবার শিহাবের নানীর অসুস্থতার খবর পেয়ে পরিবারের সদস্যরা মাদারীপুর যান। তারা শুক্রবার রাতে ঢাকায় বাসায় ফিরে শিহাবের রুম বাইরে থেকে তালাবন্ধ পান।
“তারা ভেবেছিলেন শিহাব হয়তো কোথাও কোনো বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছেন। শনিবার ওই রুমের ভেতর থেকে দুর্গন্ধ বেরোলে পুলিশে খবর দেওয়া হয়।”
পরে আদাবর থানা পুলিশ গিয়ে ওই কক্ষের দরজা ভেঙে শিহাবের গলাকাটা লাশ উদ্ধার করে।
ওই বাসা থেকে টাকা বা অন্য কোনো কিছু খোয়া যায়নি বলে আবু বক্কর জানিয়েছেন।
এ বিষয়ে পুলিশের তেঁজগাও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা একটা হত্যাকাণ্ড। সব কিছু বিবেচনায় নিয়ে পুলিশ হত্যারহস্য উন্মোচনের চেষ্টা করবে। অপরাধীকে আইনের আ্ওতায় আনা হবে।”
ময়নাতদন্তের জন্য রাতে শিহাবের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে নেওয়া হয়েছে।
