২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাক্ষী হাজির না হওয়ায় পার পেয়ে যাচ্ছে শীর্ষ সন্ত্রাসীরা

মামলার বাদী এবং সাক্ষী আদালতে হাজির না হওয়ায় খুনের মামলা থেকে পার পেয়ে যাচ্ছেন গত শতকের নব্বইয়ের দশকে সরকারঘোষিত কয়েকজন শীর্ষ সন্ত্রাসী।

প্রকাশ বিশ্বাস প্রকাশ বিশ্বাস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2017, 06:54 PM

Updated : 11 Apr 2022, 10:48 PM

বিষয়টি সম্পর্কে ঢাকার আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবীরা যেমন অন্ধকারে রয়েছেন, তেমনি পুলিশের সংশ্লিষ্ট প্রসিকিউশন বিভাগের কাছেও নেই যথেষ্ট তথ্য।

আদালতের নথিপত্র ঘেঁটে এমন অন্তত দুটি খুনের মামলা পাওয়া গেছে, যেগুলোতে সাক্ষ‌্যগ্রহণ এখনও শেষ হয়নি ফলে থমকে আছে বিচারকাজ।

১৯৯৯ সালের নিকুঞ্জ এলাকার পাঠান মার্কেটে খুন হন ফাস্টফুড দোকানের মালিক আবদুর রহিম (৩৩)। আর্থিক লেনদেনের জের ধরে সে সময়কার শীর্ষ সন্ত্রাসী সানজিদুল হাসান ইমন, তারিক সাঈদ মামুন ও আল মামুন মুন্সী তাকে খুন করেন বলে অভিযোগ।

এ ঘটনায় নিহতের ভাই মো. তারেক আহমেদ তিন সন্ত্রাসীর নাম উল্লেখ করে বাড্ডা থানায় মামলা করেন।

এ মামলায় ২০০৪ থেকে ২০১০ সাল পর্যন্ত রাষ্ট্রপক্ষে ১৩ সাক্ষীর মধ্যে থেকে ময়নাতদন্তকারী চিকিৎসকসহ সাতজন সাক্ষ‌্য দিয়েছেন। ২০১০ সালের পর একশর বেশি তারিখ পার হয়ে গেলেও বাদীই নিজেই সাক্ষ্য দিতে আদালতে আসেননি।

চার থেকে পাঁচজন বিচারকের হাত ঘুরে এখন ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতে মামলাটিতে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য চলছে।

নথিপত্রে দেখা গেছে, এ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান গত ৮ অগাস্ট মামলাটি বিচারের ভার পেয়ে চারটি তারিখ রাখেন সাক্ষ‌্য নেওয়ার জন্য। কিন্তু রাষ্ট্রপক্ষ আদালতে বাদীকে আনতে ব্যর্থ হচ্ছেন।

সবশেষ গত ২৭ ডিসেম্বর ছিল মামলার তারিখ। ওইদিন বিচারক নতুন তারিখ রেখেছেন কি না, তা জানাতে পারেননি এ আদালতের পেশকার মোকাররম হোসেন।

মামলার আসামি তারেক সাঈদ মামুনকে কারাগারে থেকে এনে বিচারের মুখোমুখি করা হলেও সানজিদুল ঈমন এবং আল মামুন মুন্সী পলাতক রয়েছেন বলে জানান পেশকার মোকাররম। মামুন ও ইমনের বিরুদ্ধে আরও মামলা বিচারে রয়েছে বলে জানান তিনি।

এ আদালতের রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি শওকত আলম বলেন, “এরকম একটি মামলার খবর আমার কাছে আছে।”

কিন্তু মামলাটি কী পর্যায়ে রয়েছে, পরবর্তী তারিখ কবে, কেন বাদীকে আর তদন্ত কর্মকর্তাকে আদালতে আনা যাচ্ছে না, সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।

বিচারের নিয়ম অনুযায়ী বাদী ও তদন্ত কর্মকর্তা সাক্ষ্য না দিলে আসামিদের খালাস পাওয়ার সম্ভাবনা থাকে।

এসব বিষয়ে মুখ খুলতে রাজি হননি তারেক সাঈদ মামুনের আইনজীবী সৈয়দ আহমেদ গাজী এবং সানজিদুল হাসান ইমনের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোসলেম উদ্দিন।

খালাস কিলার আব্বাস

১৯৯৯ সালের ২৯ জুন পুরানো ঢাকার কোর্ট হাউজ স্ট্রিটে খুন হন যুবলীগ নেতা আতাউর রহমান আজাদ। আর ২০০১ সালের ২৮ জানুয়ারি কচুক্ষেত এলাকায় রজনীগন্ধা সুপার মার্কেটের সামনে চাল ব্যবসায়ী এছহাক আহমেদ দুলালকে গুলি চালিয়ে হত্যা করা হয়।

এই দুই খুনের মামলার আসামি কিলাস আব্বাস গতবছর খালাস পেয়েছেন। অথচ এই খালাসের বিষয়টি জানেন না রাষ্ট্রপক্ষের আইনজীবী।

দুই মামলাতেই তদন্ত কর্মকর্তাসহ পর্যাপ্ত সাক্ষ‌্য না দেওয়ায় আব্বাস খালাস পান ঢাকার পৃথক অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত থেকে।

এসব বিষয়ে ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ কমিশনার আনিসুর রহমানের কাছে জানতে চাইলে তিনি মামলার নথি না দেখে কোনো মন্তব্য করতে রাজি হননি।