২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় মিশন খুলছে ভারত

শিগগিরই খুলনায় একটি মিশন চালু করতে যাচ্ছে ভারত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2017, 11:57 PM

Updated : 11 Apr 2022, 10:47 PM

পশ্চিমবঙ্গ লাগোয়া ওই অঞ্চলের মানুষের সঙ্গে যোগাযোগের গুরুত্বের স্বীকৃতি দিয়ে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে ভারতের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা জানিয়েছেন।

খুলনায় বুধবার এক অনুষ্ঠানে বাংলাদেশের জেলাটির সঙ্গে কলকাতা রেল চালুর কথা বলেছিলেন হাই কমিশনার। বৃহস্পতিবার খুলনা চেম্বার অব কমার্স অ‌্যান্ড ইন্ডাস্ট্রিজের এক অনুষ্ঠানে ‘অ‌্যাসিসটেন্ট হাই কমিশন’ প্রতিষ্ঠার কথা বলেন তিনি।    

শ্রিংলা বলেন, “আমরা আশা করছি, খুব শিগগিরই আমরা তা (অ‌্যাসিসটেন্ট হাই কমিশন) স্থাপন করতে পারব।”

বর্তমানে ঢাকার বাইরে চট্টগ্রাম ও রাজশাহীতে ভারতীয় মিশন রয়েছে।

ভারতের সঙ্গে বাংলাদেশের যোগাযোগে খুলনার গুরুত্ব তুলে ধরেন হাই কমিশনার।

“এটা শুধু কলকাতার নিকটবর্তী বাংলাদেশের একটি নগরই নয়, পশ্চিমবঙ্গের সঙ্গে বাণিজ‌্য ও সাংস্কৃতিক সম্পর্কের দীর্ঘ ইতিহাস রয়েছে এটির।”

ভারতের সংবিধানের রচয়িতা বি আর আম্বেদকরের সঙ্গে খুলনার ‘বিশেষ’ সম্পর্কের তথ‌্যও সবাইকে জানান শ্রিংলা।

তিনি বলেন, অবিভ্ক্ত ভারতে আম্বেদকর যে আসন থেকে পার্লামেন্টে প্রতিনিধিত্ব করেছিলেন, তাতে বর্তমানে বাংলাদেশের খুলনাও অন্তর্ভুক্ত ছিল।

পশ্চিমবঙ্গের সাবেক মুখ‌্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র সেনের জন্মস্থান হিসেবেও ভারতীয়দের কাছে খুলনার গুরুত্বের কথা তুলে ধরেন তিনি।

ভারতীয় হাই কমিশনার বলেন, মংলা সমুদ্র বন্দর আধুনিকায়নে সহায়তার প্রস্তাব দিয়েছে তার দেশ। এছাড়া প্রস্তাবিত খান জাহান আলী বিমান বন্দর স্থাপনে সহায়তা দিতেও তার দেশ আগ্রহী।

“ভারতীয় কোম্পানিগুলোর জন‌্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় মংলাকে আমরা বিবেচনা করছি। প্রকল্পের সম্ভাব‌্যতা যাচাই চলছে।”

পুরনো খবর:

যশোরে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের উদ্বোধন
শিগগিরই খুলনা-কলকাতা ট্রেন: শ্রিংলা