শিগগিরই খুলনা-কলকাতা ট্রেন: শ্রিংলা
খুব শিগগিরই খুলনা-কলকাতা ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।
বুধবার নড়াইলের তুলারামপুরে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর স্ত্রী শুভ্রা মুখার্জীর মামা বাড়িতে অনুষ্ঠিত এক আলোচনা সভায় একথা বলেন তিনি।
ভারতীয় হাই কমিশনার বলেন, “এখানে এ অনুষ্ঠানে আসতে পেরে খুবই ভাল লাগছে। খুব শিগগির খুলনা অঞ্চলের মানুষের জন্য কলকাতার সঙ্গে রেল চালুর ব্যবস্থা করা হবে।”
এর আগে শুভ্রা মুখার্জি প্রি-ক্যাডেট স্কুলে চারটি ল্যাপটপ এবং মন্দিরে দুটি এয়ার কন্ডিশনার দেন ভারতীয় হাই কমিশনার।
তাছাড়া ভারতীয় হাই কমিশনার তুলারামপুরে শুভ্রা মুখার্জীর মামা বাড়িতে শুভ্রা মুখার্জী ফাউন্ডেশনের নির্ধারিত জায়গা পরিদর্শন করেন।
পরে নড়াইল রামকৃষ্ণ আশ্রম ও ভারত সরকারের সহযোগিতায় নির্মিত নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের ‘বাংলাদেশ-ভারত মৈত্রী ছাত্রীনিবাস’ পরিদর্শন করেন তিনি।
শুভ্রা মুখার্জির বাবার বাড়ি নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা গ্রামে এবং মামাবাড়ি তুলারামপুর গ্রামে।
