পরবর্তী নির্বাচনে সব দলকে পাওয়ার আশা হাসিনার
বিএনপিসহ বিভিন্ন দলের বর্জনের মধ্যে অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনে ক্ষমতাসীন শেখ হাসিনা চলমান সংলাপের মধ্য দিয়ে গঠিতব্য নির্বাচন কমিশনের অধীনে একাদশ সংসদ নির্বাচনে সব দলকে পাওয়ার আশা রেখেছেন।
সরকারের তিন বছরপূর্তিতে বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে নিজের এই প্রত্যাশার কথা জানান প্রধানমন্ত্রী।
সরকারের তিন বছর পূর্তির সময়েই নতুন নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এরপর তার গঠিত ইসির অধীনে পরবর্তী সাধারণ নির্বাচন হবে।
শেখ হাসিনা বলেন, “আমাদের নির্দিষ্ট মেয়াদ শেষে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি।”
রাষ্ট্রপতির চলমান উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, “আমরা আশা করি, সকল রাজনৈতিক দল মহামান্য রাষ্ট্রপতির উদ্যোগে গঠিত নির্বাচন কমিশনের উপর আস্থা রাখবেন, সংবিধান অনুযায়ী নির্বাচনে অংশ নেবেন এবং দেশে গণতান্ত্রিক ধারাকে সমুন্নত রাখতে সহায়তা করবেন।”
নির্দলীয় সরকারের অধীনে না হওয়ায় ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। তাদের বর্জন ও প্রতিহতের হুমকির মধ্যে অনুষ্ঠিত নির্বাচনে জয় নিয়ে ১২ জানুয়ারি সরকার গঠন করেছিল আওয়ামী লীগ।
শেখ হাসিনা তিন বছর আগের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, “আপনারা জানেন, দেশের সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আমরা অবৈধ পথে ক্ষমতা দখলের পথ রুদ্ধ করেছি।”
দশম সংসদ নির্বাচনে বিএনপিকে আনতে নিজের চেষ্টা তুলে ধরে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, তখন জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী সব দলকে নিয়ে নির্বাচনকালীন একটি ‘জাতীয় সরকার’ গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল।
“সংবিধানের আওতায় আমরা সব ধরনের ছাড় দিতেও প্রস্তুত ছিলাম। এমনকি বিএনপি যে মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে ইচ্ছুক, তাও আমরা দিতে চেয়েছিলাম। কিন্তু বিএনপি নেতৃত্ব সে আহ্বানে সাড়া দেয়নি, বরং উনি সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়ে সারাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করলেন।”
৫ জানুয়ারির ভোটে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ ছিল না বলেও জানান প্রধানমন্ত্রী।
“বিএনপি জোট নির্বাচন বর্জন করলেও উল্লেখযোগ্য সংখ্যক দল এবং প্রার্থীর অংশগ্রহণের মধ্য দিয়ে সুষ্ঠুভাবে ২০১৪ সালের ৫ জানুয়ারি ১০ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের সময় প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো নির্বাচন কমিশনের অধীনে ন্যস্ত ছিল। সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করেনি।”
পরের বছর বিএনপি নেতৃত্বাধীন জোটের আন্দোলনে নাশকতায় শতাধিক মানুষের মৃত্যুর কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “৯২ দিন পার্টি কার্যালয়ে আরাম-আয়েশে অবস্থান করে ২০১৫ সালের জানুয়ারি মাস থেকে মার্চ মাস পর্যন্ত আন্দোলনের নামে বিএনপি নেত্রী আবার জ্বালাও-পোড়াও-সন্ত্রাসী কর্মকাণ্ড উসকে দেন।”
তিনি বলেন, ওই তিন মাসে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের হাতে ২৩১ জন নিরীহ মানুষ নিহত এবং ১ হাজার ১৮০ জন আহত হন। তারা ২ হাজার ৯০৩টি গাড়ি, ১৮টি রেল গাড়ি ও ৮টি লঞ্চে আগুন দেয়। ৭০টি সরকারি অফিস ও স্থাপনা ভাংচুর এবং ৬টি ভূমি অফিস পুড়িয়ে দেওয়া হয়।
“দেশবাসী তাদের এ সন্ত্রাসী কর্মকাণ্ড প্রত্যাখ্যান করেছেন, জনগণ এ ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি দেখতে চান না,” বলেন শেখ হাসিনা।
উন্নয়নের ফিরিস্তি
আধা ঘণ্টার বেশি সময়ের ভাষণে শেখ হাসিনা আওয়ামী লীগের আট বছরের শাসনকালে নেওয়া বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের বর্ণনা দিয়ে তা অব্যাহত রাখতে জনগণের সমর্থন প্রত্যাশা করেন।
তিনি বলেন, “অর্থনৈতিক অগ্রগতির সূচকে বিশ্বের শীর্ষ ৫টি দেশের একটি আজ বাংলাদেশ। ধারাবাহিকভাবে ৬ দশমিক ৫ শতাংশ হারে প্রবৃদ্ধি ধরে রেখে পুরো বিশ্বকে আমরা তাক লাগিয়ে দিয়েছি।”
মানুষের ক্রয় ক্ষমতা বাড়ার পাশাপাশি মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে থাকায় মানুষের জীবনমানের উন্নয়ন হয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
অর্থনীতি ও সামাজিক সূচকের অধিকাংশ ক্ষেত্রে বাংলাদেশের দক্ষিণ এশিয়ার ও নিম্ন আয়ের দেশগুলোকে ছাড়িয়ে যাওয়ার তথ্যও তুলে ধরেন তিনি।
যা হয়েছে
# মাথাপিছু আয় আট বছরে প্রায় তিন গুণ বেড়ে ১ হাজার ৪৬৬ ডলার
# রপ্তানি আয় প্রায়ও বেড়েছে তিন গুণ; রিজার্ভ বেড়েছে প্রায় নয় গুণ
# দেশ-বিদেশে প্রায় দেড় কোটি মানুষের কর্মসংস্থান; রেকর্ড ৭ লাখ ৫৭ হাজার ৭৩১ জন কর্মীর বিদেশে কর্মসংস্থান
# ৫ কোটি মানুষ নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত শ্রেণিতে উন্নীত; ৫০ লাখ পরিবারকে ১০ টাকা কেজিতে চাল
# বিদ্যুৎ উৎপাদন প্রায় ১৫ হাজার ৩০০ মেগাওয়াট; ৮০ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধায়
# খাদ্য ঘাটতি কাটিয়ে এখন উদ্বৃত্তের দেশ বাংলাদেশ; ৪০ হাজার ৩০০ কোটি টাকা কৃষি সহায়তা
# মিঠা পানির মাছ উৎপাদনে বিশ্বে চতুর্থ, সবজি উৎপাদনে তৃতীয়
# ৩৬ কোটি ২১ লাখ ৮২ হাজার ২৪৫টি বই বিনামূল্যে বিতরণের রেকর্ড; পৌনে ২ কোটি শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও উপবৃত্তি বিতরণ
# ২৬-হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ; প্রাথমিকে ঝড়ে পড়া হ্রাস, সাক্ষরতার হার ৭১ শতাংশে উন্নীত
# ১৬ হাজার ৪৩৮টি কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র স্থাপন, বিনামূল্যে ৩০ ধরনের ওষুধ
# ৪৮টি বৃহৎ সেতু নির্মাণ; চলছে পদ্মা সেতু, এক্সপ্রেসওয়ে ও মেট্রোরেলের কাজ
# ৪৫টি নৌযান নির্মাণ, চারটি অভ্যন্তরীণ নদী বন্দর স্থাপন, পায়রা সমুদ্র বন্দরের যাত্রা শুরু
# ৫ হাজার ২৭৫টি ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ৮২০০টি ই-পোস্ট অফিস স্থাপন
# ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা
# সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সমর সরঞ্জাম ক্রয়, সদস্যদের বেতন বৃদ্ধি
যা হচ্ছে
# ২০২১ সালের মধ্যে দারিদ্র্যের হার ১৫-১৬ শতাংশে এবং অতি দারিদ্র্যের হার ৭-৮ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য
# সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় ১৪২টি কর্মসূচি
# ১ লাখ পরিবারের মধ্যে স্বাস্থ্যকার্ড বিতরণ
# প্রতিটি জেলায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা
# পারমাণবিক ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের উপর গুরুত্ব
# কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে পরিবেশ সুরক্ষায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ
# ইলেকট্রিক ও পাতাল ট্রেনের সম্ভাবতা যাচাই
# পদ্মাসেতুর অন্য প্রান্তে মাদারীপুরে বিমানবন্দরের নির্মাণের সমীক্ষা শুরু হচ্ছে
‘বিচারের ভার জনগণের’
টানা আট বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলে আসা শেখ হাসিনা আওয়ামী লীগকে এতদিন ক্ষমতায় রাখার জন্য জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, “আপনারা এই দীর্ঘ সময় ধরে আমাকে এবং আমার সরকারকে আপনাদের সেবায় নিয়োজিত থাকার সুযোগ দিয়েছেন। এ জন্য আমি আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
দেশের ও দেশের মানুষের উন্নয়ন ও কল্যাণের জন্য চেষ্টার ত্রুটি করেননি জানিয়ে শেখ হাসিনা বলেন, “আপনাদের প্রত্যাশা কতুটুকু পূরণ করতে পেরেছি, তা বিচারের ভার আপনাদের উপরই রইল।”
জঙ্গি দমনে সরকারের কঠোরতার কথা তুলে ধরার পাশাপাশি প্রত্যেকটি পরিবারকে সন্তানের বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
ইসলামের নামে মানুষ হত্যার নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “হাজার বছর ধরে এ দেশের মাটিতে সকল ধর্মের মানুষ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে শান্তিতে বসবাস করে আসছেন। যারা এই ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে চায়, তাদের ঠাঁই বাংলার মাটিতে হবে না।”
অভ্যন্তরীণ বিরুদ্ধ পরিবেশ ও বৈশ্বিক বৈরী অর্থনৈতিক অবস্থার মোকাবেলা করে এগিয়ে যাওয়ার কথা বলেন শেখ হাসিনা।
“আট বছর আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ এক নয়। আজকের বাংলাদেশ আত্মপ্রত্যয়ী বাংলাদেশ।”
এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে দল-মত নির্বিশেষে সবার সমর্থন চান তিনি।
“আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, একমাত্র আওয়ামী লীগই পারবে বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে। আসুন, দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে নিজেদের নিয়োজিত করি এবং ভবিষ্যত প্রজন্মের জন্য একটি উন্নত-সমৃদ্ধ, সুন্দর এবং বাসযোগ্য বাংলাদেশ উপহার দিই।”
