২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারের ভার আপনাদের: প্রধানমন্ত্রী

টানা আট বছর ধরে আওয়ামী লীগকে রাষ্ট্র পরিচালনায় সমর্থন দিয়ে যাওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সাফল‌্য-ব‌্যর্থতার বিচারের ভার তাদের হাতেই দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জ‌্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2017, 07:32 PM

Updated : 11 Oct 2022, 01:19 PM

পুরনো খবর:

জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ

তিনি বলেছেন, “আপনাদের প্রত্যাশা কতটুকু পূরণ করতে পেরেছি- সে বিচারের ভার আপনাদের উপরই রইল। তবে আমি এটুকু দৃঢ়ভাবে বলতে পারি, দেশের এবং দেশের মানুষের উন্নয়ন এবং কল্যাণের জন্য আমরা আমাদের চেষ্টার ত্রুটি করিনি।”

দশম সংসদ নির্বাচনের পর সরকারের তিন বছর পূর্তিতে বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণে এ কথা বলেন সরকার প্রধান। তার এই ভাষণ জাতীয় সম্প্রচার মাধ‌্যমে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে প্রচার করা হচ্ছে।  

২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে তিন-চতুর্থাংশ আসনে বিজয় অর্জনের মাধ্যমে ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার গঠিত হয়। বিএনপির বর্জনের মধ‌্যে ২০১৪ সালের ৫ জানুযারি দশম জাতীয় সংসদ নির্বাচনে জিতে টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করে আওয়ামী লীগ।

সরকারের বর্ষপূর্তির দিনে শেখ হাসিনা তার ভাষণ শুরু করেন সবাইকে নতুন বছর ২০১৭-এর শুভেচ্ছা জানিয়ে।

তিনি বলেন, “আজ ১২ই জানুয়ারি। ২০১৪ সালের ৫ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে আজকের দিনে প্রধানমন্ত্রী হিসেবে আমি তৃতীয়বারের মত শপথ গ্রহণ করি।

“বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের তৃতীয় বছর পূর্তিতে দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।”

এই দিনে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের ত্রিশ লাখ শহীদের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, স্বজন হারানো পরিবার এবং একাত্তরে নির্যাতিত দুই লাখ মা-বোনের প্রতি সমবেদনা জানান।

প্রধানমন্ত্রীর ভাষণের বড় একটি অংশজুড়ে ছিল গত আট বছরে তার নেতৃত্বাধীন সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও সাফল‌্যের তথ‌্য। এই পথ পাড়ি দিতে বার বার বাধার মুখে পড়ার কথাও জাতিকে মনে করিয়ে দিয়েছেন তিনি।  

“আমাদের মনে রাখতে হবে, বিপুল জনসংখ্যার এদেশে সম্পদের পরিমাণ সীমিত। দীর্ঘকাল দেশে কোন আর্থ-সামাজিক উন্নয়ন হয়নি। বহু সমস্যা পুঞ্জিভূত হয়ে পাহাড়-সমান হয়ে দাঁড়িয়েছিল। মোকাবিলা করতে হয়েছে অভ্যন্তরীণ বিরুদ্ধ পরিবেশ। বৈশ্বিক বৈরী অর্থনৈতিক অবস্থাও উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বার বার।”

কিন্তু সব বাধা-বিপত্তি অতিক্রম করে বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের মডেল হিসেবে বিবেচিত হচ্ছে বলে মন্তব‌্য করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “আট বছর আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ এক নয়। আজকের বাংলাদেশ আত্মপ্রত্যয়ী বাংলাদেশ।”