২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েজ বোর্ড: তথ্যমন্ত্রীর বৈঠক বর্জনের পর প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নবম ওয়েজ বোর্ড গঠনে প্রতিশ্রুত ঘোষণা না দেওয়ায় তথ্যমন্ত্রীর সঙ্গে দুবার বর্জনের পর এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়েছেন সাংবাদিক নেতারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2017, 07:21 PM

Updated : 19 Aug 2022, 03:25 PM

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে সোমবার সংগঠনটির মহাসচিব ওমর ফারুকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৈঠকে নবম ওয়েজ বোর্ড গঠনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের পাশাপাশি ১৮ জানুয়ারি সারা দেশে সাংবাদিক সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতির নৈতিক সমর্থন ও মাননীয় প্রধানমন্ত্রীর বার বার ঘোষণার পরও নবম ওয়েজ বোর্ড ঘোষণার ব্যাপারে চাতুরিপূর্ণ আচরণ করে তথ্য মন্ত্রণালয়ের সময়ক্ষেপণ ও প্রতিশ্রুতি ভঙ্গ করায় দেশের গণমাধ্যমকর্মীরা ক্ষুব্ধ ও হতাশ। তথ্য মন্ত্রণালয়ের প্রতি আর আস্থা রাখা যাচ্ছে না বলেই সভায় এ বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানানো হয়।

রোববার জাতীয় প্রেস ক্লাবের সংগঠনটির কার্যালয়ে নির্বাহী কমিটির এই সভায় সভাপতিত্বে করেন বিএফইউজের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সিদ্ধান্ত হয়েছে যে, নবম ওয়েজ বোর্ড গঠন ছাড়া সাংবাদিক নেতারা তথ্য মন্ত্রণালয়ের সাথে আর কোনো আলোচনায় অংশ নেবে না এবং আগামী ১৭ জানুয়ারি মধ্যে ওয়েজ বোর্ড গঠনের সময়সীমাও বেঁধে দেওয়া হয়।

১৮ জানুয়ারির সাংবাদিক সমাবেশ সফল করতে সকল অঙ্গ ইউনিয়নকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিএফইউজের নির্বাহী কমিটির এই সভায় সহসভাপতি জাফর ওয়াজেদ, শহিদুল আলম, মহাসচিব ওমর ফারুক, কোষাধ্যক্ষ মধুসূদন মন্ডল, ডিইউজের সভাপতি শাবান মাহমুদ, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, বিএফইউজের নির্বাহী পরিষদের সদস্য স্বপন দাশ গুপ্ত,সৈয়দ ইশতিয়াক রেজা ও মফিদা আকবর উপস্থিত ছিলেন।

গত সপ্তাহে নবম ওয়েজ বোর্ড নিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু দুই দফা বৈঠকে সাংবাদিক নেতাদের আমন্ত্রণ জানালেও তারা ওই বৈঠকে যাননি।

পুরনো খবর:

ওয়েজ বোর্ড নিয়ে তথ্যমন্ত্রীর বৈঠক ফের বর্জন সাংবাদিকদের
ওয়েজ বোর্ড নিয়ে তথ‌্যমন্ত্রীর বৈঠক বর্জন সাংবাদিক ইউনিয়ন নেতাদের