ওয়েজ বোর্ড নিয়ে তথ্যমন্ত্রীর বৈঠক ফের বর্জন সাংবাদিকদের
নবম ওয়েজ বোর্ডের গঠন নিয়ে বুধবারও মন্ত্রীর ডাকা বৈঠকে যোগ দেননি সাংবাদিক নেতারা।
ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আজকে বৈঠকে যাইনি।
“গত ৩১ ডিসেম্বরের মধ্যে নবম ওয়েজ বোর্ড গঠনের প্রতিশ্রুতি দিয়েছিলেন তথ্য মন্ত্রী। যেহেতু এই বিষয়ে কোনো ঘোষণা আসেনি, তাই বৈঠকে যাচ্ছি না।”
নবম ওয়েজ বোর্ড গঠন নিয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মঙ্গলবার ইউনিয়ন নেতাদের বৈঠকে ডাকেন মন্ত্রী হাসানুল হক ইনু। কিন্তু সাংবাদিক নেতারা না যাওয়ায় বৈঠকটি বুধবার পুনর্নির্ধারণ করা হয়।
তথ্য মন্ত্রণালয়ের উপসচিব (প্রেস) এসএম মাহফুজুল হক স্বাক্ষরে ইউনিয়ন নেতাদের কাছে বৈঠকে যোগ দিতে চিঠি পাঠানো হয়।
বৈঠকে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীর উপস্থিত থাকার কথা ছিল।
নবম ওয়েজ বোর্ড নিয়ে সাংবাদিক ইউনিয়নের নেতাদের সঙ্গে এ পর্যন্ত তিনটি বৈঠক অনুষ্ঠিত হয়।
সর্বশেষ অষ্টম ওয়েজ বোর্ড রোয়েদাদ গঠন হয় ২০১২ সালে। চার বছর অন্তর নতুন ওয়েজ বোর্ড গঠন হওয়ার কথা থাকলেও এক্ষেত্রে চার বছর ৭ মাস অতিক্রান্ত হয়ে গেছে।
