২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েজ বোর্ড নিয়ে তথ‌্যমন্ত্রীর বৈঠক বর্জন সাংবাদিক ইউনিয়ন নেতাদের

তথ‌্যমন্ত্রীর প্রতিশ্রুত ঘোষণা না আসায় নবম ওয়েজ বোর্ড গঠন নিয়ে তার ডাকা বৈঠকে যাননি সাংবাদিক ইউনিয়ন নেতারা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2017, 05:22 PM

Updated : 11 Apr 2022, 10:44 PM

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের মহাসচিব ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নবম ওয়েজ বোর্ড গঠনের বিষয়ে তথ্যমন্ত্রী ৩১ ডিসেম্বর সিদ্ধান্ত জানাবেন বলে আগেই ঘোষণা দিয়েছিলেন।

“মন্ত্রী মহোদয়ের সেই ঘোষণা হয়নি। সে কারণেই ইউনিয়নের সদস্যদের দাবির প্রতি সম্মান রেখে আমরা মনে করেছি এরকম বৈঠক যোগ দেওয়াটা অর্থহীন, সেজন্য যাইনি।”

সাংবাদিক ইউনিয়ন নেতাদের সঙ্গে মন্ত্রী হাসানুল হক ইনুর বৈঠকের পর গত ১ ডিসেম্বর এক তথ‌্য বিবরণীতে জানানো হয়েছিল, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নবম ওয়েজ বোর্ড গঠনের সিদ্ধান্ত ঘোষণা করা হবে।

কিন্তু মন্ত্রী কিংবা মন্ত্রণালয়ের কাছ থেকে কোনো ঘোষণা আসেনি।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি শাবান মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কেন, কী কারণে এটি হয়নি- তা রহস্যের সৃষ্টি করেছে।”

মঙ্গলবারের এই বৈঠক বর্জনের পর তথ‌্য মন্ত্রণালয় থেকে আবার বুধবার দুপুর ২টায় সভা ডেকে ইউনিয়ন নেতাদের সেই সভায় যোগ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের উপসচিব (প্রেস) মাহফুজুল হকের নামে ইউনিয়ন নেতাদের কাছে বিকাল সাড়ে ৩টায় ই-মেইল আসে।

তবে ডিইউজে সভাপতি শাবান বলেন, “আর বৈঠক নয়, এখন ওয়েজ বোর্ড গঠনের সুনির্দিষ্ট ঘোষণা চাই আমরা।”

ডিইউজে সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী বলেন, “আমরা কালকের বৈঠকেও যাব না। সুনির্দিষ্ট ঘোষণার আগে কোনো বৈঠক নয়।”

মঙ্গলবার তথ‌্য মন্ত্রণালয়ের বৈঠকে বিএফইউজের একাংশের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক, ডিইউজের একাংশের সভাপতি শাবান মাহমুদ, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীর উপস্থিত থাকার কথা ছিল।

সর্বশেষ অষ্টম ওয়েজ বোর্ড গঠন হয় ২০১২ সালে। চার বছর অন্তুত নতুন ওয়েজ বোর্ড গঠনের কথা থাকলেও চার বছর ৭ মাস অতিক্রান্ত হয়ে গেছে।

শাবান মাহমুদ বলেন, “বর্তমান অর্থনৈতিক অবস্থার সাথে সাংবাদিকদের বেতন-ভাতা সামঞ্জস্যপূর্ণ নয় বলেই আমরা নবম ওয়েজ বোর্ড গঠনের দাবি করে এসেছি। এটা আমাদের রুটি-রুজির মৌলিক দাবি। এই দাবির প্রতি ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহমত প্রকাশ করে তথ্য মন্ত্রণালয়কে ব্যবস্থা নেয়ার জন্য বলেছেন।”

নবম ওয়েজ বোর্ড নিয়ে সাংবাদিক ইউনিয়নের নেতাদের সঙ্গে সরকারের এই পর্যন্ত তিনটি বৈঠক অনুষ্ঠিত হয়।