প্লট-ফ্ল্যাট কেনায় হয়রানি বন্ধ করতে হবে: রাষ্ট্রপতি
প্লট-ফ্ল্যাট ক্রয়কারীরা যাতে হয়রানির শিকার না হয় সেদিকে নজর দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বৃহস্পতিবার আবাসন খাতের বেসরকারি উদ্যোক্তাদের সংগঠন রিহ্যাবের রজত জয়ন্তি অনুষ্ঠানে রাষ্ট্রপতি এই আহ্বান জানান।
তিনি বলেন, “বেশির ভাগ ক্রেতাই তাদের জীবনের সর্বস্ব দিয়ে একটু স্বস্তি আর নিরাপদ আশ্রয়ের আশায় একটি প্লট বা ফ্ল্যাট ক্রয় করে থাকে। তাই গ্রাহকরা যাতে আবাসনের ব্যবস্থা করতে গিয়ে কোনো ধরনের হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করতে হবে।
নিম্ন ও মধ্য আয়ের ক্রেতাদের ক্রয় ক্ষমতা বিবেচনায় আনতেও আবাসন ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান আবদুল হামিদ।
“বাংলাদেশ এখন নিম্ন মধ্য আয়ের দেশ এবং খুব শিগগিরই আমরা মধ্য আয়ের দেশে পরিণত হব। তাই প্রকল্প গ্রহণকালে আপনাদেরকে নিম্ন ও মধ্য আয়ের গ্রাহকদের ক্রয় ক্ষমতাও বিবেচনায় রাখতে হবে।”
আবাসন ব্যবসায়ীদের মুনাফা অর্জনের পাশাপাশি নগরায়নে সামাজিক দায়বদ্ধতা বাড়ানোর আহ্বান জানান রাষ্ট্রপতি।
“নির্মাতা ও ক্রেতা সাধারণের মধ্যে সুসম্পর্ক যত বেশি হবে, ততই আপনাদের প্রতিষ্ঠানের প্রসার হবে। একটি কথা সব সময় স্মরণ রাখতে হবে যে, আপনাদের মধ্যে একটি প্রতিষ্ঠানের ভুলের মাসুল এই খাতের সাথে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের উপর বর্তাবে।”
ভবন নির্মাণের উপকরণের গুণগত মান নিশ্চিত করারও আহ্বান জানান রাষ্ট্রপতি।
আবাসন খাতের প্রসারে জোরজবরদস্তির অভিযোগ আসার কথাও আসে রাষ্ট্রপতির বক্তব্যে।
“অন্যায়ভাবে সরকারি জমি বা অন্যের জমি জোর করে দখল করে হাউজিং প্রকল্প বাস্তবায়নের সংবাদ আজকাল প্রায়ই পত্রপত্রিকায় দেখা যায়। এতে গোটা আবাসন খাতের ব্যাপারে জনমনে নেতিবাচক ধারণা জন্মে। তাই আমি রিহ্যাব অ্যাসোসিয়েশনের সদস্যদের প্রতি আহ্বান জানাব, কতিপয় অসাধু উদ্যোক্তার জন্য যাতে গোটা আবাসন শিল্প ক্ষতিগ্রস্ত না হয় সে দিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে।”
পরিকল্পিত আবাসন গড়ে তুলতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। যত্রতত্র বাড়িঘর নির্মাণ করে কৃষি জমি নষ্ট করার কোন সুযোগ নেই। আবাসন প্রকল্প গ্রহণের পূর্বে যথাযথ পরিকল্পনা নিতে হবে এবং পরিকল্পিত উপায়ে বাড়িঘর নির্মাণ করতে হবে। একতলা বা দ্বিতল বাড়ীর পরিবর্তে বহুতল ভবন নির্মাণে অগ্রাধিকার দিতে হবে।
ভূমিকম্পের ঝুঁকি বিবেচনা করে ভবন নির্মাণ ও অগ্নি নির্বাপন ব্যবস্থা বাধ্যতামূলক করার পরামর্শও দেন আবদুল হামিদ।
বিল্ডিং কোড অনুসরণে সরকারি দপ্তরগুলোকে কঠোর হওয়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি আরও বলেন, “অনেক বাড়িওয়ালা বা ডেভেলপার ভবন বড় বানাতে যতটা উদার, প্রয়োজনীয় রাস্তা ও খোলা জায়গা রাখার ব্যাপারে ততটাই কৃপণ। ফলে প্রায়ই দেখা যায় যে, কোনো দুর্ঘটনা বা অগ্নিকাণ্ড ঘটলে ফায়ার সার্ভিসসহ উদ্ধারকারী কর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতে পারে না।”
রাজধানীর জনসংখ্যার চাপ কমাতে আবাসন ব্যবসায়ীদের ঢাকার বাইরে যাওয়ার পরামর্শ দেন তিনি।
“ঢাকা শহরে জমির সীমাবদ্ধতা আছে। তাই শুধু ঢাকা শহরে প্রকল্প না করে দেশের অন্যান্য শহরে প্রকল্প গ্রহণ করার জন্য আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি।”
আবাসন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে পরিবেশের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার পরামর্শও দেন তিনি।
রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে রিহ্যাবের কার্যক্রম পরিচালনায় অবদানের জন্য সংগঠনের সাবেক সভাপতি বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুকে সম্মানা দেওয়া হয়। এছাড়া দেশের আবাসন শিল্পে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ‘ইস্টার্ণ হাউজিং’ এর প্রতিষ্ঠাতা মো. জহুরুল ইসলামকে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়। জহুরুল ইসলামের পক্ষে তার ছেলে মনজুরুল ইসলাম সম্মানা গ্রহণ করেন।
রিহ্যাব সভাপতি মো. আলমগীর শামসুল আলামীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, রিহ্যাবের জ্যেষ্ঠ সহসভাপতি নুরুন্নবী চৌধুরী শাওন প্রমুখ।
