বিজিএমইএ ভবন ভাঙা হবে আধুনিক প্রযুক্তিতে: পূর্তমন্ত্রী
র্যাংগস ভবন ভাঙতে গিয়ে দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যুর ঘটনা মাথায় রেখে বিজিএমইএ ভবন ভাঙতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের কথা বলেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
বুধবার রাজধানীর হাতিরঝিল প্রকল্পের কাজের অগ্রগতি দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নে একথা বলেন তিনি। তবে কবে এই ভবন ভাঙা হবে কিংবা আধুনিক কী প্রযুক্তি ব্যবহার হবে, তা স্পষ্ট করেননি তিনি।
হাতিরঝিল প্রকল্প এলাকায় পরিবেশের ক্ষতি করে বেআইনিভাবে প্রায় দুই দশক আগে গড়ে ওঠা ১৬ তলাবিশিষ্ট বিজিএমইএ ভবন ভেঙে ফেলার চূড়ান্ত রায় দিয়েছে সর্বোচ্চ আদালত।
আদালত নিজেদের খরচে ওই ভবনে ভেঙে ফেলতে নির্দেশ দিয়েছে বিজিএমইএকে। বিজিএমইএ তা না করলে রাজউককে রায়ের কপি হাতে পাওয়ার ৯০ দিনের মধ্যে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।
ভবন ভাঙার ক্ষেত্রে রায়ের অনুলিপি এখনও না পাওয়াকে কারণ হিসেবে দেখাচ্ছেন রাজউক কর্মকর্তারা। অন্যদিকে
বিজিএমইএ নেতারা জানিয়েছেন, আপিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করবেন তারা।
ঝুলন্ত অবস্থার মধ্যেই মন্ত্রী মোশাররফ বলেন, “র্যাংগস ভবন ভাঙতে গিয়ে আমাদের কয়েকজন শ্রমিক মারা গিয়েছিল। এটা (বিজিএমইএ) আমরা আধুনিক পদ্ধতিতে ভাঙব, যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়। এটা আমরা করবই।”
তত্ত্বাবধায়ক সরকার আমলে রাজধানীর বিজয় সরণির র্যাংগস ভবন ভাঙা হয়েছিল। তখন ভবন ভাঙার সময় বেশ কয়েকজন শ্রমিক প্রাণ হারিয়েছিলেন।
বিজিএমইএ ভবনের মতো গুলশান-বনানীর লেক ভরাট করে বিভিন্ন সরকার আমলে নানা ভবন তোলার কথাও বলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোশাররফ।
“এরশাদ সাহেব, জিয়াউর রহমান, যারাই এসেছে। তারা কিন্তু গুলশান-বনানীর লেক ভরাট করে তাদের এমপি-মন্ত্রীদের প্লট দিয়েছে। আজাদ মসজিদ (গুলশানের) যেটা আছে ‘ইট ওয়াজ অন দা ব্যাংক অব লেক’। এবার বুঝতে পারেন তারা কীভাবে লেক ভরাট করে তাদের লোকজনকে প্লট দিয়েছে। আমাদের ওয়াটার বডিগুলোকে সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে।”
হাতিরঝিলে অপেরা হবে
রাজধানীর মধ্যস্থলের বিনোদন কেন্দ্র হাতিরঝিলকে কেন্দ্র করে একটি বড় একটি কনভেনশন সেন্টার করার পরিকল্পনার কথা জানান পূর্তমন্ত্রী, তার মধ্যে অপেরা হাউসও রয়েছে।
তিনি বলেন, “সেই কনভেনশন সেন্টারে পার্কিং ফেসিলিটিজ রাখা হবে। কারণ কনভেনশন সেন্টার-মুক্তমঞ্চে লোকজন অনেকে গাড়ি নিয়ে আসবে। তার পার্কিং ফেসিলিটিজের জন্য আমরা বিশাল ব্যবস্থা রাখছি।”
টেমস নদীর তীরে গড়ে তোলা ‘লন্ডন আই’য়ের আদলে হাতিরঝিলে ‘ঢাকা আই’ করা হবে বলে জানান মোশাররফ।
লন্ডন আই- ছবি: রয়টার্স
“মাননীয় প্রধানমন্ত্রী খুব ইচ্ছা এখানে অপেরা হাউজ হোক। মানুষের বিনোদনের জন্য হাতিরঝিল রাজধানীর এবং বাংলাদেশের আইকন। আমরা চেষ্টা করবো যত দ্রুত এসব করা যায়।”
“অনেকেই আপনারা দেখছেন লন্ডন আই। সিঙ্গাপুরেও মানুষ এটা দেখতে যায়। এখানেও আমরা একটা ঢাকা আই করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছি।”
সদ্য চালু হওয়া ওয়াটার ট্যাক্সিতে চড়ে হাতিরঝিলের মেরুলবাড্ডা থেকে কা্রওয়ানবাজার, গুলশান লেকের কিছু অংশে ঘুরে দেখেন।
রাজধানীর মানুষ যেন নৌপথের সুবিধা পায় সেজন্য ওয়াটার ট্যাক্সির পথ সম্প্রসারণ করা হচ্ছে বলে জানান তিনি।
হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সি
“মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন, আগে মানুষ ঢাকা শহরে নৌকা পথে এদিক ওদিক যেত। মানুষ যেন আবারও সেই সুবিধা পায়। সেই মোতাবেক এখন নৌপথে ওয়াটারট্যাক্সি করেছি, এই সুবিধা যেন আরো পায় এবং আরো বেশিদূর যেতে পারে সেই জন্য আমরা লেক আরও ফরোয়ার্ড করছি। এটা গুলশান-বারিধারা পর্যন্ত যাবে।”
হাতিরঝিলের লেকের উপরে আরও আট থেকে ১২টির মতো দৃষ্টিনন্দন সেতু তৈরি করা হবে বলেও জানান তিনি।
মন্ত্রীর সঙ্গে রাজউকের চেয়ারম্যান বজলুল করিম চৌধুরী, হাতিরঝিল প্রকল্পের পরিচালক মেজর জেনারেল আবু সাঈদ মোহাম্মদ মাসুদ, মো. জামাল আক্তার ভূঁইয়াসহ রাজউক ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
