২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগের শোভাযাত্রা, যানজটে স্থবির ঢাকা

সপ্তাহের চতুর্থ কর্মদিবসে তীব্র যানজটে ভোগান্তিতে পড়তে হয়েছে নগরবাসীকে। সকাল থেকে ঢাকার প্রায় সবগুলো সড়কেই যানবাহন চলেছে ধীরগতিতে। নিরুপায় অনেকেই বাধ্য হয়ে হেঁটে রওনা হয়েছেন গন্তব্যে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2017, 05:54 PM

Updated : 11 Oct 2022, 01:16 PM

পুলিশের ট্রাফিক নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়েছে, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রার কারণেই এই যানজট।

বুধবার বেলা ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা শুরু হয়। তবে এর আগে থেকেই নগরীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শাহবাগে জড়ো হন ছাত্রলীগের নেতাকর্মী। মূলত তখন থেকেই যানজটের শুরু।

পরে মূল শোভাযাত্রা শুরুর পর যানজট চরমে উঠে, যা পরে ধীরে ধীরে প্রায় সব সড়কে ছড়িয়ে পড়ে।

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা মৎস্য ভবন, কাকরাইল, বিজয়নগর মোড় হয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে গিয়ে বেলা দেড়টায় শেষ হয়।

ততক্ষনে ফার্মগেইট, শাহবাগ, সায়েন্স ল্যাবরেটরি, নিউ মার্কেট, মৎস্য ভবন, কাকরাইল পল্টন, গুলিস্তান, মতিঝিল, রামপুরা, উত্তরাসহ বিভিন্ন এলাকায় যানবাহনের লম্বা সারি দেখা যায়।

সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টাস ইউনিটিতে ‘অ্যাসোসিয়েশন অব বুয়েট অ্যালামনাই’ এর অনুষ্ঠান ছিল।

অনুষ্ঠানের প্রধান অতিথি জামিলুর রেজা চৌধুরী ফার্মগেইট থেকে সেগুনবাগিচার উদ্দেশ্যে বেলা সাড়ে ১২টায় রওনা হলেও কাওরান বাজার পর্যন্ত আসতেই লেগে যায় দেড় ঘণ্টা।

শেষ পর্যন্ত তিনি আর অনুষ্ঠানে যোগ দিতে পারেননি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সংগঠনের ট্রাস্টি মাহতাব উদ্দিন।

সাইফুল ইসলাম নামে নারায়ণগঞ্জের এক ব্যাবসায়ী পাসপোর্ট করার কাজে আগারগাঁওয়ের সকালে রওনা হয়েছিলেন। কিন্তু মতিঝিলে তীব্র যানজটের মুখে পড়ে অবশেষে হেঁটেই রওনা হন তিনি।

প্রেস ক্লাবের সামনে তিনি বলেন, “আজকে আমার পাসপোর্টের ছবি ওঠানোর কথা। চারটার মধ্যে পাসপোর্ট অফিসে না যেতে পারলে ছবি ওঠানো যাবে না।

ছাত্রলীগের ৬৯ বছর

 

“রাস্তার যে অবস্থা দেখছি তাতে মনে হচ্ছে চারটার মধ্যে যাওয়া সম্ভব না। তাই পায়ে হেঁটেই রওনা হয়েছি।”

বুধবার ভোরে ধানমণ্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শুরু হয় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা।

শোভযাত্রার কারণে যে যানজট হতে পারে, সে সম্ভাবনার কথা জানিয়ে দুদিন আগেই রাজধানীবাসীর কাছে আগাম দুঃখ প্রকাশ করেছিলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।