‘সুন্দরবন রক্ষায়’ আন্তর্জাতিক প্রতিবাদ কর্মসূচি
সুন্দরবনের কাছে বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ঠেকাতে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস ঘোষণা করেছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
আগামী ৭ জানুয়ারি রাজধানী ঢাকার পাশাপাশি কলকাতা, দিল্লী, প্যারিস, আমস্টারডাম, বার্লিন, নিউ ইয়র্ক এবং আটলান্টাসহ বেশ কয়েকটি শহরে প্রতিবাদ দিবস পালিত হবে বলে তেল-গ্যাস কমিটির এক বিবৃতিতে জানানো হয়।
সোমবার গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে রামপাল প্রকল্পকে ‘সুন্দরবন বিনাশী’ বলে অভিহিত করেন কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ ও সদস্য সচিব আনু মুহাম্মদ।
এতে তারা বলেন, সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন এবং বিশ্ব ঐতিহ্য হিসেবে সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে রামপাল বিদ্যুৎ প্রকল্পসহ সুন্দরবন বিনাশী সকল প্রকল্প বাতিলের দাবি জানিয়ে আগামী ৭ জানুয়ারি বিশ্ব জুড়ে প্রতিবাদ দিবস পালিত হবে।
বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের অধীন প্রকল্প হিসেবে ভারতের সঙ্গে যৌথ উদ্যোগে রামপালে ১৩২০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ চলছে।
‘মৈত্রী সুপার থারমাল’ নামের এই বিদ্যুৎ কেন্দ্রটি সুন্দরবনের ইউনেস্কো ঘোষিত হেরিটেজ অংশ থেকে ৬৯ কিলোমিটার এবং সুন্দরবনের প্রান্তসীমা থেকে ১৪ কিলোমিটার দূরে অবস্থিত।
