সুন্দরবন নীতিমালা চেয়েছে রামপালবিরোধীরা
রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বাতিলের দাবিতে আন্দোলনরত তেল- গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি ‘সুন্দরবন নীতিমালা’ প্রণয়নের দাবি জানিয়েছে।
সুন্দরবনের নিকটবর্তী রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিরোধিতায় আন্দোলনের প্রেক্ষাপটে বৃহস্পতিবার সংসদ ভবনে সংশ্লিষ্টদের কথা শোনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
‘রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ: অর্থনৈতিক ও পরিবেশগত প্রভাব’ শিরোনামের ওই আলোচনায় তেল- গ্যাস রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদের পাশাপাশি বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুও বক্তব্য রাখেন।
এছাড়া পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দ রিজওয়ানা হাসান, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক বদরুল ইমাম, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক এম নেয়ামুল নাসের ও ড. কাজী বায়েজিদ কবির আলোচনায় অংশ নেন।
বৈঠক শেষে আনু মুহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা বলেছি, প্রথমে রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাতিল করতে হবে। এরপর সুন্দরবন নীতিমালা তৈরি করতে হবে।”
আনু মুহাম্মদ
“এগুলো হলে সার্বিকভাবে সুন্দরবন ক্ষতিগ্রস্ত হবে। সুন্দরবন আমাদের অর্থনীতি ও পরিবেশে যে সার্ভিস দেয় সেটাকে আরও সুদৃঢ় করতে হলে আমাদের একটা সমন্বিত নীতিমালা করা দরকার। সেটাই আমরা বলেছি।”
আন্দোলনকারী তেল-গ্যাস রক্ষা কমিটির নেতাসহ অন্যদের কথা শুনে রামপাল বিদ্যুৎ কেন্দ্র করার পক্ষে মত দিয়েছে সংসদীয় কমিটি।
এক্ষেত্রে সুন্দরবনের প্রতিবেশগত কোনো ক্ষতি না করে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ বিষয়ে কমিটির সভাপতি তাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে যারা মতামত দিচ্ছেন তাদের কথা আমরা শুনেছি। মন্ত্রণালয়ও তাদের কথা বলেছে।
“আমাদের কাছে মনে হয়েছে, যেসব সতর্কতামূলক ব্যবস্থা এবং প্রযুক্তির মাধ্যমে রামপাল বিদ্যুৎ কেন্দ্র করা হচ্ছে, সেটি বাস্তবায়ন করা হলে প্রকল্পটি সুন্দরবনের কোনো ক্ষতি করবে না। এজন্য আমরা বিদ্যুৎ কেন্দ্রের কাজ দ্রুত বাস্তবায়ন করতে বলেছি।”
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এক হাজার ৩২০ মেগাওয়াটের মৈত্রী সুপার থারমাল বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবনের প্রান্তসীমা থেকে ১৪ কিলোমিটার এবং ইউনেস্কো হেরিটেজ সাইট থেকে ৬৫ কিলোমিটার দূরে অবস্থিত হওয়ায় অর্থনেতিক, সামাজিক, কারিগরি ও প্রযুক্তি বিশেষজ্ঞদের গবেষণা ও মতামতের ভিত্তিতে বাংলাদেশের পরিবেশ অধিদপ্তরের সব নিয়ম ও শর্ত মেনে প্রকল্পটির নির্মাণ কাজ বেগবান করার সুপারিশ করে কমিটি।
তাজুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য আতিউর রহমান আতিক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও নাসিমা ফেরদৌসী উপস্থিত ছিলেন।
