২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইএলও কর্মকর্তার গাড়ি আটক

শুল্কমুক্ত সুবিধায় আনা গাড়ি বিক্রি করে দেশ ছাড়া এক আইএলও কর্মকর্তার গাড়ি আটক করেছেন শুল্ক গোয়েন্দারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2017, 10:42 PM

Updated : 19 Aug 2022, 03:20 PM

‘ইংলিশ ইন এ্যাকশন’ নামের একটি সংস্থার কার্যালয় গুলশানের ৮০ নম্বর সড়কের ১ নম্বর বাড়ি থেকে রোববার পাজেরো জিপটি জব্দ করা হয় বলে শুল্ক গোয়েন্দা পরিদপ্তরের মহাপরিচালক মঈনুল খান জানান।

তিনি বলেন, বিদেশি প্রিভেলেজড পারসনের শুল্কমুক্ত সুবিধায় আনা গাড়িটি আইএলও’র জুনিয়র প্রফেশনাল নিসকে জ্যানসেন ২০১৪ সাল থেকে ব্যবহার করতেন। তিনি তার কাস্টমস পাশ বই সিবি ‘০০০২/১৫’- এ গাড়িটি এন্ট্রি করান।

“তবে পরের বছর জ্যানসেন কম্বোডিয়ায় বদলিজনিত কারণে দেশ ত্যাগ করলেও শুল্কমুক্ত সুবিধার এই গাড়ি কাস্টমসের অনুমতি না নিয়ে ইংলিশ ইন অ্যাকশনের টিম লিডার সুজান উইলিয়ামসনের কাছে বিক্রি করেন। জ্যানসেন তার পাশ বইটিও হস্তান্তর করেননি।”

মহাপরিচালক মঈনুল বলেন, শুল্ক আইন অনুযায়ী দেশ ত্যাগের আগে গাড়ি ও পাশবুক হস্তান্তর না করায় আইন লংঘনের অপরাধ হয়েছে।

“উইলিয়ামসন অনুমোদন ছাড়াই শুল্কমুক্ত গাড়িটি নিজের দখলে রেখেছেন। এটি শাস্তিযোগ্য অপরাধ।”

তদন্ত সাপেক্ষে জ্যানসেন ও উইলিয়ামসন দুজনের বিরুদ্ধেই আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

মঈনুল জানান, গাড়িটি জব্দ করার সময় উলিয়ামসন কার্যালয়ে না থাকায় সেখানকার মানবসম্পদ (এইচআর) ম্যানেজার আফরোজা আক্তার তা শুল্ক গোয়েন্দা দলকে বুঝিয়ে দেন।

সম্প্রতি শুল্ক গোয়েন্দা পরিদপ্তর শুল্কমু্ক্ত সুবিধার অপব্যবহারে বিশেষ অভিযান পরিচালনা করলে আইএলও থেকে গাড়িটি ‘সারেন্ডার’ করার জন্য চিঠি দেওয়া হয় বলেও জানান তিনি।

আনুমানিক দেড় কোটি টাকা দামের এই গাড়ির বর্ণনা দিয়ে মঈনুল বলেন, “গাড়ি যাচাই করে দেখা যায় এটি ২০০১ সালে জাপানে তৈরি। এর চেসিস নং H77W-0208388, ইঞ্জিন ক্যাপাসিটি ২০০০। উদ্ধারকালে গাড়িতে হলুদ প্লেট লাগানো ছিল। হলুদ প্লেট নম্বর DA65-268।”

এ জাতীয় গাড়ি অন্য কারও দখলে থাকলে তা অচিরেই শুল্ক গোয়েন্দাদের কাছে স্বেচ্ছায় হস্তান্তর করার আহ্বান জানিয়েছেন তিনি।

পুরনো খবর:

অনিয়মে বিক্রি: জাতিসংঘ কর্মকর্তার গাড়ি আটক