২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দাঁড়িপাল্লা’ প্রতীক বাদ দিয়ে বিধি সংশোধন হচ্ছে

প্রতীকের তালিকা থেকে ‘দাঁড়িপাল্লা’ বাদ দিয়ে সংসদ নির্বাচন বিধিমালা সংশোধনের প্রস্তাব আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠিয়েছে নির্বাচন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জ‌্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2017, 07:45 PM

Updated : 19 Aug 2022, 03:21 PM

অনুমোদন পেলে শিগগিরই প্রতীক তালিকার সংশোধিত গেজেট প্রকাশ করা হবে বলে ইসির সহকারী সচিব রৌশন আরা বেগম জানিয়েছেন।

রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সংসদ নির্বাচনে দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য ৬৫টি প্রতীক রয়েছে। বিধি সংশোধনের পর দাঁড়িপাল্লা বাদ দিয়ে সংখ্যা দাঁড়াবে ৬৪টি।

‘দাঁড়িপাল্লা’ বাদ দিতে সংসদ নির্বাচনের বিধি সংশোধন করতে হলেও স্থানীয় সরকারের প্রতীক তালিকায় সংশোধনী আনতে হচ্ছে না বলে জানান এই ইসি কর্মকর্তা।

কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর প্রতীক হিসেবে ‘দাঁড়িপাল্লা’ বরাদ্দ না দিতে এবং দেওয়া হয়ে থাকলে তা বাতিলের বিষয়ে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেয় ইসি।

গত ১৪ ডিসেম্বর ওই সিদ্ধান্তের বিষয়টি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের দপ্তর থেকে ইসি সচিবালয়ে পাঠানো হলে কমিশন বিধিমালা সংশোধনের উদ‌্যোগ নেয়।

রৌশন আরা জানান, নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮ এর বিধি ৯ এর উপবিধি (১) এর ৩২ নম্বর ক্রমিক থেকে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক বাতিলের খসড়া প্রস্তাব নির্বাচন কমিশনের অনুমোদন পেয়েছে।

“ইসির আইন শাখা ওই খসড়া ভেটিংয়ের জন্য আইনমন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগে পাঠিয়েছে। মন্ত্রণালয় থেকে তা ফেরত এলে সংশোধিত আকারে প্রতীক তালিকার গেজেট করা হবে।”

ইসির আইন শাখার যুগ্ম সচিব মো. শাহজাহান জানান, ২০১৩ সালে আদালত জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করার পর দশম সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকটি আর ব্যবহার করা হয়নি। তাছাড়া সিটি করপোরেশন নির্বাচন, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের দলীয় ভোটেও প্রতীক তালিকায় ‘দাঁড়িপাল্লা’ রাখা হয়নি।

“ফুলকোর্ট সভার চিঠি পাওয়ার পর ইসির সিদ্ধান্ত অনুযায়ী এখন শুধু সংশোধন করে গেজেট প্রকাশের অপেক্ষা। ভেটিং শেষে শিগগিরই তা করা হবে।”

পুরনো খবর:

প্রতীক তালিকা থেকেই ‘দাঁড়িপাল্লা’ বাদ দেবে ইসি
দাঁড়িপাল্লা মার্কা নিয়ে ইসিকে সুপ্রিম কোর্টের চিঠি