অমর একুশে বইমেলা: শাস্তি পাচ্ছে ১৫ প্রকাশনা
২০১৬ সালের অমর একুশে গ্রন্থমেলায় লটারির মাধ্যমে পাওয়া স্টলের স্থান পরিবর্তনের দায়ে শাস্তি পেতে যাচ্ছে ১৫টি প্রকাশনা সংস্থা।
মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি ইতোমধ্যে তাদের শাস্তি নিশ্চিত করে চিঠি ‘প্রস্তুত’ করেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ও বাংলা একাডেমির পরিচালক জালাল আহমেদ।
তিনি জানান, শাস্তি হিসেবে এই ১৫ প্রকাশনা সংস্থা ২০১৬ সালে বরাদ্দ করা ইউনিটের চেয়ে এবার এক ইউনিট কম স্টল বরাদ্দ পাবে।
এর মধ্যে সাতটি প্রকাশনা সংস্থার স্টল এক ইউনিটের হওয়ায়, তাদেরকে এবার স্টল বরাদ্দ দেওয়া হবে না।
মঙ্গলবার রাতে একাডেমির পরিচালক জালাল আহমেদ জানান, ২০১৬ সালের মেলায় ১৫টি প্রকাশনা সংস্থা তাদের বরাদ্দ করা স্থানের বাইরে স্টল বানায়। মেলা চলাকালীন সময়েই তাদেরকে কারণ দর্শানোর চিঠি দেয় বাংলা একাডেমি। তাদের কারণ দর্শানোয় ‘সন্তুষ্ট করতে পারেনি’ মেলা পরিচালনা কমিটিকে।
এরই শাস্তি হিসেবে ২০১৭ সালের বইমেলায় তাদের এক ইউনিট করে কমিয়ে দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর মধ্যে এক ইউনিটের সাতটি প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানকে এবার মেলায় স্টল দেওয়া হবে না। এগুলোর মধ্যে রয়েছেÑ প্ল্যাটফর্ম, রেয়ার বুকস, চিত্রা প্রকাশর্নী, চর্চা গ্রন্থ প্রকাশ, রিয়া প্রকাশনী ও মা প্রকাশনী।
দুই ইউনিটের স্টল রয়েছে পাঁচটি, যাদেরকে এবার এক ইউনিট করে বরাদ্দ দেওয়া হবে। এগুলোর মধ্যে রয়েছেÑ মৌলি প্রকাশনী, জাতীয় গ্রন্থ প্রকাশন, সালাউদ্দিন বইঘর, গদ্যপদ্য ও শব্দশিল্প।
তিন ইউনিটের স্টল রয়েছে শুধুমাত্র সুবর্ণ। যাদেরকে এবার দুই ইউনিট বরাদ্দ দেওয়া হবে।
চার ইউনিটের স্টল রয়েছে দুইটি; অ্যাডর্ন পাবলিকেশন্স ও তাম্রলিপি। তাদের এবার তিন ইউনিট করে বরাদ্দ দেওয়া হবে। প্যাভিলিয়নের মধ্যে রয়েছে শুধুমাত্র কাকলী প্রকাশনী। যাদেরকে এবার চার ইউনিট বরাদ্দ দেওয়া হবে।
জালাল আহমেদ বলেন, “আমরা গতবারই এদের তালিকা করে চিঠি দিয়েছিলাম। এবার আমরা শাস্তিমূলক ব্যবস্থা নেব। আশা করি, এরপর আর কোনো প্রকাশনা সংস্থা এ ধরনের সিদ্ধান্ত নেবে না।”
তবে এখনও বাংলা একাডেমির কাছ থেকে কোনো ধরনের চিঠি পান নি বলে জানিয়েছেন আটটি প্রকাশনা সংস্থার স্বত্বাধিকারীরা।
এ সিদ্ধান্তকে বাংলা একাডেমির ‘স্বেচ্ছাচারিতা’ হিসেবে উল্লেখ করেছেন।
তাম্রলিপির মালিক এ কে এম তরিকুল ইসলাম রনি বলেন, “আমি এখনও এ ধরনের কোনো চিঠি পাই নি। সেহেতু এ বিষয়ে কোনো মন্তব্য করাটা ঠিক হবে না।”
অ্যাডর্নের প্রধান নির্বাহী সৈয়দ জাকির হোসাইন বলেন, “এ ধরনের সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একাডেমির স্থান বিন্যাস সঠিক হয়নি বলেই তাদের অনুমতিক্রমেই স্টলের বিন্যাসে কিছুটা পরিবর্তন আনা হয়েছিল।”
