২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঙ্গ হল বইমেলা, বিক্রির রেকর্ড

শেষ হলো পাঠক, লেখক ও প্রকাশকের মেলবন্ধনের অমর একুশে বইমেলা। বইকে ঘিরে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে প্রাণের স্পন্দন মিলবে আবার ১১ মাস পর।

মাসুম বিল্লাহ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2016, 08:09 PM

Updated : 11 Oct 2022, 07:50 PM

নিরাপত্তায় প্রাধান্য দিয়ে সাজানো বড় পরিসরের মেলায় নতুন বইয়ের সংখ্যা আগের বছরের চেয়ে কম হলেও বিক্রিতে রেকর্ড হয়েছে বলে জানানো হয়েছে।

সোমবার সন্ধ্যায় বইমেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করে আয়োজক বাংলা একাডেমি। শেষ দিন সোমবার দুপুর ১টা থেকে শুরু হওয়া মেলা চলে অন্যান্য দিনের মতো রাত ৮টায়।

এবার মেলায় নতুন বই এসেছে ৩ হাজার ৪৪৪টি, যা গতবারের ৩ হাজার ৭০০টির তুলনায় ২৫৬টি কম। তবে বিক্রিতে রেকর্ড হওয়ার তথ্য পাওয়া গেছে একাডেমি কর্তৃপক্ষের ভাষ্যে।

মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব জালাল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্টলগুলো থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এ বছর মেলায় মোট বই বিক্রির পরিমাণ প্রায় ৪০ কোটি টাকা, যা গতবার ছিল ২১ কোটি ৯৫ লাখ টাকা এবং ২০১৪ সালে ১৬ কোটি টাকা।”

চার লাখ ৭৮ হাজার বর্গফুটের বিশাল পরিসরের মেলায় আগতদের মধ্যে স্বস্তি ছিল পুরো সময়। তবে অনেক স্টলের সিরিয়াল ঠিক না থাকায় সেগুলো খুঁজে পেতে বেগ পেতে হয়েছিল অনেককেই।

এবার মেলায় ৬৫১টি ইউনিটে মোট ৪০১টি প্রকাশনা প্রতিষ্ঠান ও সংগঠনকে বইমেলার জন্য বরাদ্দ দেওয়ার কথা জানায় বাংলা একাডেমি।

এর মধ্যে প্যাভিলিয়ন ১৫টি, চার ইউনিটের স্টল ১৯টি, তিন ইউনিটের স্টল ৩৭টি, দুই ইউনিটের স্টল ১৩৪টি ও এক ইউনিটের স্টল ১৯৬টি। এর বাইরে বহেরা তলায় ছিল লিটল ম্যাগের ৯০টি স্টল।

আগের বছর একজন লেখক ও প্রকাশক হত্যার প্রেক্ষাপটে নিরাপত্তায় প্রাধান্য দিয়ে এবার মেলার আয়োজন করে বাংলা একাডেমি।

নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ থাকলেও এর মধ্যেই মেলার ২২তম দিনে ‘প্লাটফর্ম’ নামক স্টলে আগুন দেওয়ার চেষ্টা হয়।

ক্লোজ সার্কিট ক্যামেরায় আগুন দেওয়ার চেষ্টাকারী দুজনের ছবি পাওয়ার কথা পুলিশ জানালেও এখনও কারও ধরা পড়ার খবর পাওয়া যায়নি।

এর দুদিন পর বৃষ্টি ও ঝড়ের ঝাপটায় মেলা প্রাঙ্গণের অনেকগুলো স্টল ক্ষতিগ্রস্ত হয়, ভিজে যায় বহু বই। ওই দিন নির্ধারিত সময়ের আড়াই ঘন্টার মাথায় মেলা শুরু হলেও বিদ্যুৎ বিভ্রাটের কারণে এক ঘন্টার মাথায় বন্ধ ঘোষণা করেন আয়োজকরা।

বৃষ্টির ক্ষতি পোষাতে পরদিন মেলার সময়ে কিছুটা পরিবর্তনের ঘোষণা দেয় তারা। ২৬ ও ২৭তম দিনে মেলার ফটক খুলে সকাল সাড়ে ১০টায়, ২৮তম দিনে বেলা ২টায় এবং শেষ দিনে দুপুর ১টায়। তবে মেলা শেষের সময় প্রতিদিনই ছিল রাত ৮টা।

তবে শুরুর সময়ে এভাবে সময় বাড়ানোতে কোনো ‘লাভ’ হয়নি অভিযোগ করে তারা শেষ সময়ে অর্থাৎ রাত ৯টা পর‌্যন্ত বাড়ানোর দাবি তুলেছিলেন।

অন্যদিকে, প্রকাশকরা বাংলা একাডেমির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে আগামী বছর থেকে নিজেরাই মেলা আয়োজনের প্রস্তাব করেন।

বাংলা একাডেমি তাদের এই প্রস্তাবকে স্বাগত জানালেও আগামীবার থেকে মেলা কাদের আয়োজনে থাকছে সেটা এখনও নিশ্চিত নয়।

লেখক-প্রকাশক ও পাঠকের এ মেলার প্রথম দিকে গত বছর উগ্রবাদীদের চাপাতির কোপ প্রাণ হারানো লেখক অভিজিৎ রায় ও প্রকাশক ফয়সল আরেফিন দীপনের স্মরণে কোনো আয়োজন না রাখার সমালোচনা মুখে পড়ে বাংলা একাডেমি।

এক পর্যায়ে দীপনের বন্ধুরা তাকে স্মরণ করে এবং বিচারের দাবি জানিয়ে মেলা প্রাঙ্গণের বিভিন্ন স্থানে ব্যানার-ফেস্টুন টানায়।

২৬ ফেব্রুয়ারি বাংলা একাডেমিও অনেকটা দায়সারাভাবে এক মিনিট নীরবতায় অভিজিৎ রায়কে স্মরণ করে।

সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে রাখা মনোরঞ্জনের ব্যবস্থা শিশুদের ছিল বাড়তি পাওনা। তিনটি শিশুপ্রহরে তারা সেখানে জড়ো হয়ে টেলিভিশন অনুষ্ঠান সিসিমপুরের পাপেট চরিত্র হালুম-ইকরি-টুকটুকির সঙ্গে আনন্দঘন সময় কাটায়। অন্যান্য দিনেও তাদের খেলাধুলার জায়গা ছিল ওই মঞ্চ।

বই প্রকাশ করে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে বইমেলায় প্রকাশনা সংস্থা ব-দ্বীপ এর স্টল বন্ধ করে দিয়ে অনেকগুলো বই বাজেয়াপ্ত করা হয়।

এরপর ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে তথ্য প্রযুক্তি আইনের মামলায় গ্রেপ্তার হন বইয়ের প্রকাশক শামসুজ্জোহা মানিকসহ তিনজন। রিমান্ডশেষে এখন তারা কারাগারে আছেন। স্টল বন্ধের প্রতিবাদে বইমেলার প্রবেশমুখে মানববন্ধনও হয়েছে।

এছাড়া পাইরেটেড বই বিক্রির অভিযোগে কপিরাইট বিষয়ক টাস্কফোর্সের অভিযানে বইমেলায় ‘ঐক্য প্রকাশনী’, ‘রঙিনফুল’ ও ‘নীলপরী’ নামের তিনটি প্রকাশনীর স্টল বন্ধ করা হয়েছিল।

বিক্রির শীর্ষে জাফর ইকবাল

সঠিক কোনো পরিসংখ্যান পাওয়া নো গেলেও প্রকাশকদের সঙ্গে কথা বলে বোঝা যায়, জনপ্রিয় কথাসাহিত্যিক মুহম্মদ জাফর ইকবালের বৈজ্ঞানিক কল্পকাহিনীর বই বিক্রি ছিল শীর্ষে।

তার ভাই প্রয়াত হুমায়ূন আহমেদের বই বিক্রির সুনির্দিষ্ট হিসাব পাওয়া না গেলেও তার বেশির ভাগ বইয়ের প্রকাশক অন্যপ্রকাশের প্যাভিলিয়ন মেলার পুরো সময় ছিল সরগরম।

এছাড়া অন্য প্রকাশনী থেকে বের হওয়া তার বইগুলোর বিক্রিও হয়েছে অনেক। তার বিভিন্ন বইয়ের সংকলনও বিক্রি হতে দেখা গেছে প্রচুর পরিমাণে।

এবার মেলায় জাফর ইকবালের বই এসেছে মোট পাঁচটি। তার মধ্যে একটি প্রবন্ধ সংকলন।

তাম্রলিপির প্রকাশক তারিকুল ইসলাম রনি বলেন, তার প্রকাশনীর শীর্ষ বিক্রি এ লেখকের ‘ক্রেনিয়াল’।

কাকলী প্রকাশনীর মালিক এ কে নাছির আহমেদ সেলিম বলেন, “জাফর ইকবাল সব সময়ই বেস্টসেলার। আমরা এবার লেখকের ‘তিতুনি এবং তিতুনি’ এনেছি। মেলায় এর চতুর্থ মুদ্রণ পর্যন্ত শেষ হয়েছে। প্রতি মুদ্রণে ছিল ৫ হাজার বই।”

একই রকম বিক্রি হয়েছে সময় থেকে আসা কিশোর উপন্যাস ‘স তে সেন্টু’ এবং চন্দ্রদ্বীপ থেকে আসা ‘দুষ্টু হাতি এবং ইঁদুর’ বইয়েরও।

এছাড়া ঐতিহ্য প্রকাশনী থেকে আসা দেবব্রত মুখোপাধ্যয়ের লেখা ‘মাশরাফি’, প্রথমা থেকে আসা আনিসুল হকের ‘জেনারেল ও নারীরা’, অন্যপ্রকাশ থেকে আসা হরিশংকর জলদাসের ‘একলব্য’, অনন্যা থেকে আসা ইমদাদুল হক মিলনের ‘জিন্দাবাহার’, জার্নিম্যান বুকস থেকে অধ্যাপক মুনতাসীর মামুনের ‘ঢাকার খাল পোল ও নদীর চিত্রকর’, তাম্রলিপি থেকে আসা গুলতেকিন খানের প্রথম কবিতার বই ‘আজো, কেউ হাঁটে অবিরাম’ বইও ভালো বিক্রি হয়েছে বলে প্রকাশকরা জানান। 

নতুন আসা বই

প্রতিবারই কবিতার বইয়ের সংখ্যা থাকে বেশি। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে কবিতার বই প্রকাশের দিক দিয়ে গতবারের চেয়ে এগিয়ে এবারের বইমেলায়। গতবছর নতুন কবিতার বইয়ের সংখ্যা ছিল ৮৭৭টি। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৯৩৯টি। অর্থাৎ গতবারের চাইতে এবার ৬২টি কবিতার বই বেশি প্রকাশ হয়েছে।

তবে নতুন উপন্যাস কমেছে এবার। গতবার যেখানে ৬২৯টি উপন্যাস এসেছিল, এবার এসেছে ৫২৯টি। এ ছাড়া গতবার গল্প ৫৭৪টি, প্রবন্ধ ২০২টি, ছড়া ১৩৭টি, গবেষণা ১১৯টি, শিশুতোষ ৯৪টি, জীবনী ৯০টি, ভ্রমণ ৭৪টি, বিজ্ঞান ৭১টি, ইতিহাস ৫৪টি, মুক্তিযুদ্ধ ৫৩টি, বৈজ্ঞানিক কল্পকাহিনি ৩৩টি, রম্য/ধাঁধা ৩০টি, ধর্মীয় ৩০টি, নাটক ২৯টি, কম্পিউটার ১৮টি, অনুবাদ ১২টি, রচনাবলী ও অভিধান ৭টি করে এসেছিল।

এবারের গল্পের বই প্রকাশিত হয়েছে ৫০৩টি, প্রবন্ধ ১৯৭টি, ছড়া ১২২টি, গবেষণা ৪৫টি, শিশুতোষ ১৬২টি, জীবনী ৮১টি, ভ্রমণকাহিনি ৫৪টি, বিজ্ঞান ৫৩টি, ইতিহাস ৪৮টি, মুক্তিযুদ্ধ ১০১টি, বৈজ্ঞানিক কল্পকাহিনি ৪৫টি, ধর্মীয় ৩২টি, নাটক ১২টি, কম্পিউটার ৯টি, অনুবাদের বই ২৫টি, রাজনীতি ১৫টি, চিকিৎসা ২৫টি, রম্য ১৮টি, রচনাবলী ১২টি ও অভিধান ৬টি এবং অন্যান্য বিষয়ের বই এসেছে ৪২১টি।

এবারের বইমেলায় মুক্তিযুদ্ধবিষয়ক বই দ্বিগুণ প্রকাশিত হয়েছে। গতবার যেখানে ৫৩টি মুক্তযুদ্ধের নতুন বই এসেছিল, এবার তা বেড়ে দাঁড়িয়ে ১০১টিতে।

এবারের বইমেলায় কম্পিউটার বিষয়ক বইয়ের সংখ্যা কমেছে। সরকার ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের কথা বললেও বইমেলায় তার ছোঁয়া পাওয়া যায়নি। এবার কম্পিউটার বিষয়ক বইয়ের সংখ্যা মাত্র ৯টি।

মেলার সমাপনী অনুষ্ঠান

মেলার শেষদিন সন্ধ্যায় মেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় অমর একুশে বইমেলার সমাপনী অনুষ্ঠান।

এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি আসাদুজ্জামান নূর। একাডেমির সভাপতি এমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সংস্কৃতি সচিব আকতারী মমতাজ, একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। মেলার প্রতিবেদন উপস্থাপন করেন জালাল আহমেদ।

অনুষ্ঠানে ফ্রাঁস ভট্টাচার্য ও মন্জু ইসলামকে সৈয়দ ওয়ালীউল্লাহ্ পুরস্কার, মাওলা ব্রাদার্সকে চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার, ভূমেন্দ্র গুহ সম্পাদিত জীবনানন্দ দাশের মূলানগ পাঠ-ভূমিকা ও কবিতা গ্রন্থের জন্য বেঙ্গল পাবলিকেশনস্, বুলবুল আহমেদ সম্পাদিত ’বুড্ডিষ্ট হেরিটেস অফ বাংলাদেশ’ গ্রন্থের জন্য নিমফিয়া পাবলিকেশন ও তাসলিমা মুন রচিত আমি একটি বাজপাখিকে হত্যা করতে চেয়েছিলাম গ্রন্থের জন্য পাঠসূত্রকে মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার, শিশুতোষ গ্রন্থের জন্য ময়ূরপঙ্খিকে রোকনুুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার এবং মেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানসমূহের মধ্যে থেকে নান্দনিক অঙ্গসজ্জায় সেরা প্রতিষ্ঠান হিসেবে সময় প্রকাশন, মধ্যমা পাবলিকেশন ও জ্যার্নিম্যান বুকস্-কে শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার ২০১৬ প্রদান করা হয়।

সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী ফরিদা পারভীন।