বনানীতে চিরনিদ্রায় নৃবিজ্ঞানী সামসুল আরেফিন
সহকর্মী, ছাত্র ও শুভাকাঙ্ক্ষীদের শ্রদ্ধা নিবেদনের পর বনানী কবরস্থানে দাফন করা হয়েছে বিশিষ্ট নৃবিজ্ঞানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক হেলাল উদ্দিন খান সামসুল আরেফিনকে।
ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসীর মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে ২টার দিকে বনানীতে তাকে দাফন করা হয়েছে।”
শনিবার বিকালে রাজধানীর লালমাটিয়ায় নিজের বাসায় তার মৃত্যু হয় অধ্যাপক আরেফিনের। তার বয়স হয়েছিল ৬৮ বছর।
তার দুই ভাই বোরহান উদ্দীন খান জাহাঙ্গীর ঢাকা বিশ্ববিদ্যায়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং মহীউদ্দীন খান আলমগীর আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। তার বড় বোন নীলুফার বেগম বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব ছিলেন।
অধ্যাপক মুনতাসীর মামুন অধ্যাপক আরেফিনের বড় ভাই মেসবাহ উদ্দীন খানের ছেলে। তিনি চাঁদপুর-১ (কচুয়া) আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
জানাজার আগে বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে নেওয়া সামুল আরেফিনের মরদেহ।
সেখানে কৃতী এই নৃবিজ্ঞানীকে শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, তার সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান।
অন্যান্যদের মধ্যে শ্রদ্ধা জানান জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, অনুপ্রাণ ও প্রাণরাসায়ন বিভাগের অধ্যাপক আনোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও নব নির্বাচিত সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রমুখ।
