নৃবিজ্ঞানী সামসুল আরেফিনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রখ্যাত নৃবিজ্ঞানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক হেলাল উদ্দিন খান সামসুল আরেফিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানান, অধ্যাপক সামসুল আরেফিনের মৃত্যুতে দেশে নৃবিজ্ঞানের চর্চা ও শিক্ষার ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি হয়েছে বলে প্রধানমন্ত্রী এক শোক বিবৃতিতে উল্লেখ করেছেন।
অসাম্প্রদায়িক ও প্রগতিশীল সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে অধ্যাপক আরেফিনের অবদানের কথাও প্রধানমন্ত্রী কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।
বিবৃতিতে প্রধানমন্ত্রী প্রয়াত এই শিক্ষকের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
রাজধানীর লালমাটিয়ায় নিজের বাসায় শনিবার বিকালে অধ্যাপক আরেফিন মারা যান। তার বয়স হয়েছিল ৬৮ বছর।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক বোরহান উদ্দীন খান জাহাঙ্গীর এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের ভাই এই প্রয়াত শিক্ষক। তার বড় বোন নীলুফার বেগম বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব ছিলেন।
