২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশকোনার জঙ্গি আস্তানা থেকে উদ্ধার শিশুটি ঢাকা মেডিকেলে

রাজধানীর পূর্ব আশকোনায় আস্তানায় পুলিশের অভিযানের মুখে এক নারী জঙ্গির ‘আত্মঘাতী বিস্ফোরণে’ আহত শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2016, 03:12 PM

Updated : 11 Oct 2022, 09:28 PM

পুরনো খবর:

আশকোনার আস্তানা থেকে বেরিয়ে ‘আত্মঘাতী’ নারী
অভিযানে জঙ্গিনেতা জাহিদের স্ত্রীসহ ৪ জনের আত্মসমর্পণ

দক্ষিণ খানে হজ ক‌্যাম্পের কাছে সূর্যভিলা নামে তিন তলা ওই বাড়িটি ঘিরে শনিবার ভোররাতে অভিযান শুরু করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সদস‌্য।

পুলিশের আহ্বানে সাড়া দিয়ে সকালে চারজন আত্মসমর্পণ করলেও এক নারী, এক কিশোর ও শিশুটি ভেতরে থেকে যায়।

দুপুরে ১টার দিকে বোরকা পরা ওই নারী শিশুটিকে নিয়ে বেরিয়ে এসে তার দেহের সঙ্গে বাঁধা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটান বলে কাউন্টার টেররিজম ইউনিটের কর্মকর্তা অতিরিক্ত উপ কমিশনার মো. ছানোয়ার হোসেন জানান।

ওই নারীকে উদ্ধার করা না গেলেও শিশুটিকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।

চার বছরের শিশুটিকে দুপুর ২টায় হাসপাতালে নিয়ে যান ক্যান্টনমেন্ট থানার এসআই মাসুদুর রহমান।

ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিশুটির শরীরের বিভিন্ন স্থানে স্প্লিন্টারের জখম রয়েছে। বর্তমানে সে হাসপাতালের জরুরি বিভাগের অপারেশন থিয়েটারে আছে।”

শিশুটি জঙ্গি ইকবালের মেয়ে বলে গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন। তার মায়ের নাম শাকিরা।

ওই বাড়িতে তখনও ছিলেন আজিমপুরে অভিযানে নিহত নব‌্য জেএমবির নেতা তানভীর কাদেরীর এক ছেলে। বিকালে অভিযান শেষে তার লাশ পাওয়া যায়।

নিহত আরেক জঙ্গি নেতা জাহিদুল ইসলামের স্ত্রী মেয়েসহ এবং পলাতক জঙ্গিনেতা মুসার স্ত্রীও তার মেয়েসহ সকালে ওই বাড়ি থেকে বেরিয়ে পুলিশের কাছে ধরা দেন।