উদীচীর জাতীয় সম্মেলন শুরু
‘জনতার ঐক্যে দানবের দম্ভ ভাঙার’ প্রত্যয় নিয়ে শুরু হলো বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ২০তম জাতীয় সম্মেলন।
বৃহস্পতিবার বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারের শহীদ বেদীতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলনের আনুষ্ঠানিকতা। এরপর হয় উদ্বোধনী পরিবেশনা।
বর্তমান বাংলাদেশের নানা প্রেক্ষাপটকে কেন্দ্র করে উদীচীর কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শংকর সাওজালের গ্রন্থনা ও নির্দেশনায় পরিবেশনা তুলে ধরেন উদীচীর শিল্পীরা।
উদ্বোধনী পরিবেশনা শেষে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ভাষা সৈনিক এবং ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত প্রথম শহীদ মিনারের অন্যতম রূপকার ডা. সাঈদ হায়দার।
উদীচীর কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌসুলি গোলাম আরিফ টিপু উপস্থিত ছিলেন। উদ্বোধনীতে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন ডা. সাঈদ হায়দার এবং সংগঠনের পতাকা উত্তোলন করেন উদীচীর সভাপতি কামাল লোহানী।
উদ্বোধনী পর্ব শেষে একটি বর্ণাঢ্য ও প্রাণবন্ত শোভাযাত্রা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সারা দেশ থেকে আগত উদীচীর কয়েক হাজার শিল্পী-কর্মীর অংশগ্রহণে শোভাযাত্রায় তিনটি বিষয়ের উপর প্রাধান্য দিয়ে সাজসজ্জা হয়। সুন্দরবনের কাছেই রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধের দাবি, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু ও অন্যান্য সম্প্রদায়ের উপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জসহ পাহাড়ে ও সমতলে আদিবাসী জনগোষ্ঠীর উপর অত্যাচার-নির্যাতনের প্রতিবাদ জানিয়ে নানা ব্যানার, ফেস্টুন ও প্রতিকৃতি প্রদর্শন করা হয় শোভাযাত্রায়।
সভাপতির বক্তব্যে কামাল লোহানী বলেন, “ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, গাইবান্ধার গোবিন্দগঞ্জসহ বিভিন্ন স্থানে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যেভাবে হামলা করা হচ্ছে তা কোনোভাবেই মুক্তিযুদ্ধের চেতনার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
“মুক্তিযুদ্ধের পক্ষের সরকার রাষ্ট্রের ক্ষমতায় আসীন থাকা সত্ত্বেও এখনও দেশে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ হয়নি, নিশ্চিন্তে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে সাম্প্রদায়িক, মৌলবাদী গোষ্ঠীগুলো, যারা শান্তির কথা বলেন, তারা হচ্ছেন নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত।”
সুন্দরবনের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের মাধ্যমে দেশের প্রাকৃতিক রক্ষাকবচকে ‘ধ্বংসের পাঁয়তারা চলছে’ বলেও অভিযোগ করেন তিনি।
এরপর সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশের বিভিন্ন স্থান থেকে আসা উদীচীর শিল্পী-কর্মীরা উপস্থাপন করেন আবহমান বাংলার ঐতিহ্যের ধারক-বাহক নানা বৈচিত্র্যপূর্ণ পরিবেশনা। এ পর্বটি সঞ্চালনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি বেলায়েত হোসেন এবং সদস্য শিল্পী আক্তার।
২৩ ও ২৪ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকাল পর্যন্ত গুলিস্তানে কাজী বশির মিলনায়তনে (ঢাকা মহানগর নাট্যমঞ্চ) সম্মেলনের সাংগঠনিক অধিবেশন হবে। উদীচীর এবারের সম্মেলনে প্রায় দেড় হাজার প্রতিনিধি ও পর্যবেক্ষক অংশ নিচ্ছেন।
২৪ ডিসেম্বর বিকালে পরবর্তী দুই বছরের জন্য নতুন কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচন এবং নতৃন নেতৃত্বের শপথ গ্রহণের মধ্য দিয়ে সম্মেলন শেষ হওয়ার কথা।
