২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএমএ নির্বাচনে ভোটগ্রহণ বৃহস্পতিবার

বাংলাদেশ মেডিকেল অ‌্যাসোসিয়েশনে নতুন নেতৃত্ব ঠিক করতে বৃহস্পতিবার ভোট দেবেন ৩৬ হাজার চিকিৎসক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2016, 11:18 PM

Updated : 12 Apr 2022, 03:33 AM

বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ড‌্যাবের বর্জনের মধ‌্যে এবার আওয়ামী লীগ সমর্থিত স্বাধীনতা চিকিৎসক পরিষদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে বাম সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস ফর হেলথ অ‌্যান্ড এনভায়রনমেন্ট।

ঢাকার তোপখানা সড়কে বিএমএ ভবনের পাশাপাশি সব জেলায় সকাল সাড়ে ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে ৪টা পর্যন্ত তা চলবে। 

স্বাধীনতা চিকিৎসক পরিষদের প‌্যানেলে সভাপতি প্রার্থী হয়েছেন মোস্তফা জালাল মহিউদ্দিন, মহাসচিব প্রার্থী এহতেশামুল হক চৌধুরী দুলাল।

ডক্টরস ফর হেলথ অ‌্যান্ড এনভায়রনমেন্টের প‌্যানেলের সভাপতি প্রার্থী হয়েছেন ফজলুর রহমান, এই প‌্যানেলে মহাসচিব প্রার্থী শাকিল আকতার।

চিকিৎসকদের জাতীয় সংগঠনের নির্বাচনের জন‌্য গঠিত নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনে এবার ভোট বর্জনের ঘোষণা দেয় ড‌্যাব।

নির্বাচনে অংশগ্রহণকারী বাম সমর্থক চিকিৎসকরাও বুধবার এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছে, বিভিন্ন স্থানে তাদের পোস্টার তুলে ফেলেছে ক্ষমতাসীন দল সমর্থক চিকিৎসকরা।

তবে নির্বাচন কমিশনার মো. লুৎফর রহমান এসব অভিযোগ নাকচ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, এমন কিছু তাদের নজরে আসেনি।