২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জ জেলার ভোট স্থগিত চেয়ে হাই কোর্টে আবেদন

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন বিজয়ী জনপ্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে ভোটার তালিকা হালনাগাদ না হওয়া পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা পরিষদের নির্বাচন স্থগিত চেয়ে উচ্চ আদালতে আবেদন হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2016, 04:50 PM

Updated : 20 Aug 2022, 02:30 PM

হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় সোমবার রিট আবেদনটি জমা দেওয়া হয় বলে রিটপ্রার্থীর আইনজীবী ইউনুছ আলী আকন্দ জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়াদ ২৭ নভেম্বর শেষ হয়েছে। মেয়াদোত্তীর্ণ এই সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলরদের আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠেয় নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ভোটাধিকার নেই।

“কিন্তু ভোটার তালিকায় গত মেয়াদের মেয়র ও কাউন্সিলররাই রয়ে গেছেন বলে এ তালিকা ত্রুটিপূর্ণ। ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনের পর বিজয়ী মেয়র ও কাউন্সিলরদের অন্তর্ভুক্ত করে ভোটার তালিকা হালনাগাদ না করা পর্যন্ত নির্বাচন স্থগিত চাওয়া হয়েছে আবেদনে।”

মঙ্গলবার বিচারপতি মো. রইস উদ্দিন ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চে রিট আবেদনটির শুনানি হতে পারে বলে জানান ইউনুস।

শাহজালাল নামে নারায়ণগঞ্জের বরইপাড়া গ্রামের এক বাসিন্দার করা এই রিট আবেদনে নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের তফসিল, ভোটার তালিকা ও সীমানা নির্ধারণ কেন অবৈধ ঘোষণা করা হবে না মর্মে রুল চাওয়া হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তাকে রিটে বিবাদী করা হয়েছে।