একাত্তরের ষড়যন্ত্রকারী শক্তি এখনও তৎপর: মেনন
একাত্তরে ষড়যন্ত্রকারী শক্তি তৎপর রয়েছে মন্তব্য করে তাদের প্রতিহতে সবাইকে সর্তক থাকার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে আয়োজিত পৌষ পাবর্ণ ও বিজয় উৎসব উপলক্ষে তিন দিনব্যাপী লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
পঁচাত্তরের পর সামরিক বাহিনী থেকে রাষ্ট্রক্ষমতায় আসা জিয়াউর রহমান সংবিধানকে উল্টে দিয়েছিল মন্তব্য করেন মেনন বলেন, “ক্ষমতা লাভের পর খলনায়ক জিয়া দেশের সংবিধানকে উল্টে দিয়েছিল। শুরু করেছিল ষড়যন্ত্র।
“সংবিধানের পরিবর্তন করে সব কিছু উল্টে দিয়েছে। ধর্মনিপেরক্ষতা এবং সমাজতন্ত্রকে পাল্টে দিয়েছিল। ধ্বংস করে দেওয়া হয়েছিল আমাদের সংগ্রামী ইতিহাস। যুদ্ধাপরাধীদের বিচারের রায়কে পাল্টে দিয়ে শহীদ বলে আখ্যায়িত করেছে।”
এই ষড়যন্ত্র অব্যাহতভাবে চলছে অভিযোগ করে বিমানমন্ত্রী বলেন, “আমরা ঘুরে দাঁড়িয়েছি। তবে আমাদের ষড়যন্ত্রকারী শক্তি একসঙ্গে তৎপর রয়েছে। আমাদের সর্তক থাকতে হবে এই বিজয়ে কালো শক্তি লিপ্ত না হয়। আসুন প্রতিরোধ গড়ে তুলি ষড়যন্ত্রকারী প্রতিহত করি।”
বাংলাদেশ ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস ফোরাম ফর ট্যুরিজম ডেভেলমেন্ট আয়োজিত এই অনুষ্ঠানে বিমানমন্ত্রী মেনন বলেন, “এখানে পৌষ উৎসব পালিত হয় না তেমন, একসময় পৌষ উৎসব পালিত হতো। পিঠাপুলিসহ অন্যান্যভাবে গ্রামের মানুষ একে অন্যকে আপ্যায়ন করত।
“এখন পৌষ পার্বণ দেশের মহানগরীতে নিয়ে এসেছি, এটা নিঃসন্দেহে অনেক ভালো। এই পিঠাপুলি সকলের কাছে বিস্তৃতি লাভ করছে।”
“পাশাপাশি এই বিজয় তো একদিনে অর্জিত হয়নি, নয় মাস যুক্ত করে পেয়েছি। এটা সঙ্গে অনেক কিছু জড়িয়ে রয়েছে। পঁচাত্তরের এক মর্মান্তিক ঘটনার পর এই কালো অন্ধকার নেমে আসে।”
বেলনু উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ইনস্টিটিউটের প্রিন্সিপাল পারভেজ আহমেদ চৌধুরী, হামদার্দের হাকিম রফিকুল ইসলাম বক্তব্য দেন।
বাংলাদেশ ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস ফোরাম ফর ট্যুরিজম ডেভেলমেন্টের সভাপতি ও যুব মৈত্রীর সভাপতি মোস্তফা আলমগীর রতনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সংগঠনের ভাইস চেয়াম্যান কিশোর রায়।
