বিআরটিএর গণশুনানিতে ভোগান্তির বিবরণ গ্রাহকদের
সড়ক পরিবহন কর্তৃপক্ষের সেবা নিয়ে গণশুনানিতে এসে নানা অভিযোগ আর ভোগান্তির কথা জানালেন গ্রাহকরা।
বুধবার বিআরটিএর মিরপুর কার্যালয়ে এই গণশুনানি হয়। বিআরটিএর চেয়ারম্যান মো. নজরুল ইসলাম গ্রাহকদের অভিযোগ শোনেন এবং কয়েকটি ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
বিআরটিএর সেবা পেতে কোনো ধরনের হয়রানির শিকার হলে সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তাদের তা জানানোর পরামর্শ দেন চেয়ারম্যান।
জেবুন্নেসা নামে একজন মিরপুর বিআরটিএতে এসেছিলেন গাড়ির মালিকানা বদলের জন্য। নির্ধারিত দিনে এসেও তাকে ফেরত যেতে হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
“আমাকে বলা হয়েছে ১৪ তারিখে ১২০ নম্বর কক্ষে জাতীয় পরিচয়পত্রসহ আসতে। ওই কক্ষে গিয়ে কাউকে জিজ্ঞেস করে কিছুই বুঝলাম না। সেখান থেকে আমাকে ১২১ নম্বর কক্ষে যেতে বলা হল। সেখান থেকে বলা হল ফটোকপি করতে। আবার ফটোকপির জন্য দৌঁড়ালাম। আসার পর বলল ১১৯ নম্বর কক্ষে যেতে ফিঙ্গার প্রিন্টের জন্য। সেখানে যাওয়ার পর আমাকে বললো আজকে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে না।
“সমস্যা কী জানতে চাইলে আমাকে জানানো হল, গত দুই মাস ধরে সার্ভারে কী নাকি সমস্যা হচ্ছে। যদি এ রকম সমস্যা থাকে তাহলে আমাকে আসতে বলা হল কেন? শুধু আমি না আরও তিনজন লোককে এভাবে ফেরত দেওয়া হয়েছে।”
“ওইদিন আইসা দেখি, আমার ফাইল এন্ট্রিই করে নাই। পরে খোঁজাখুজি করল। এইভাবে আমি কমপক্ষে ১৫ দিন এ কাজের জন্য বিআরটিএতে আসছি। কিন্তু ফাইল আর পায়নি। পরে ওই মালিককে অনেক অনুরোধ করে আবার নিয়া আসলাম। উনারা আমাকে নতুন ফাইল তৈরি করে দিল। অনেক ঘোরার পর আজকে আমি কাগজপত্র বুঝে পাইছি।”
বিআরটিএর চেয়ারম্যান বলেন, অনেকে ভেতরেই আসেন না, বাইরে দালালদের সঙ্গে কথা বলেই চলে যান।
তিনি বিআরটিএতে সেবা নিতে আসা গ্রাহকদের দালালদের থেকে দূরে থাকার এবং সেবার জন্য প্রয়োজনে বিআরটিএর কর্মকর্তাদের সঙ্গে দেখা করার পরামর্শ দেন।
গত বছর গাড়ির কাগজপত্র করাতে এসে ব্যাংকে টাকা জমার দেওয়ার পরও সেখান থেকে কৌশলে জাল রশিদ ও জাল ফিটনেস সনদ ধরিয়ে দেওয়া হয় বলে গণশুনানিতে অভিযোগ করেন মধুবাগ থেকে আসা এক নারী।
“টাকা জমা দেওয়ার জন্য ব্র্যাক ব্যাংকের বুথের সামনে লাইনে দাঁড়িয়ে ছিলাম। দাঁড়ানো অবস্থায় একজন লোক এসে বললো, ‘আপনি দাঁড়িয়ে আছেন, দেন আপনার টাকাটা আমি জমা দিয়ে দেই।’ আমার সামনেই সে ব্যাংকের বুথে টাকা দিয়ে রসিদ নিল। কিন্তু আজ কাগজগুলো নবায়ন করতে আসার পর কর্মকর্তারা বললেন কাগজগুলো ভুয়া।”
বিআরটিএ চেয়ারম্যান অভিযোগকারী ওই নারীর কাছে জানতে চান, সেই লোকটিকে তিনি চিনতে পারবেন কি না।
জবাবে ওই গ্রাহক তখন জানান, তার কাছে ওই লোকের মোবাইল নম্বর আছে এবং সেটি এখনও চালু।
পরে এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নিতে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন চেয়ারম্যান।
আবদুল মালেক নামে একজন গাড়ি ব্যবসায়ী অভিযোগ করেন, গাড়ি কেনার পর মালিকানা পরিবর্তনের সময় প্রকৃত মালিককে বিআরটিএতে হাজির হতে হয়। অনেক মালিক দেশের বাইরে থাকেন, অনেকে অসুস্থ্য থাকেন বলে সবার পক্ষে তা সম্ভব হয় না। এর বিকল্প বের করার যায় কি না- তা বিবেচনা করতে অনুরোধ জানান তিনি।
পুরোনো গাড়ি কেনাবেচার সঙ্গে যারা জড়িত, তাদের পুলিশ হয়রানি করে বলেও অভিযোগ করেন মালেক।
মিরপুরের গাড়িচালক মাহবুবুর রহমান জানান, পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন ও হালকা শ্রেণি থেকে মাঝারি শ্রেণির লাইসেন্স পাওয়ার পরীক্ষার পরও ভোগান্তি পোহাতে হয়।
“পরীক্ষা দিয়া আসার পর এইখানে ফিঙ্গারপ্রিন্ট এবং ছবির জন্য আলাদা তারিখ দেওয়া হয়। আমরা যারা চাকরি করি তারা সবসময় ছুটি পাই না। একই দিনে সাথে সাথে ছবি আর ফিঙ্গারপ্রিন্ট জমা নিলে আমাদের কষ্ট কমে।”
বিআরটিএর হেলপ ডেস্কে কোনো লোক পাওয়া যায় না, ফলে কাঙ্ক্ষিত সেবা পেতে হয়রানির শিকার হতে হয় বলে অভিযোগ করেন মোহাম্মদপুর থেকে আসা আলমগীর হোসেন।
গণশুনানি শেষে বিআরটিএর চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, বিআরটিএর সেবা বাড়াতেই এ গণশুনানির আয়োজন করা হয়েছে। এখান থেকে পাওয়া সমস্যাগুলো চিহ্নিত করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বিআরটিএর কিছু কর্মকর্তার কারণেও সেবাগ্রহীতাদের ভোগান্তি হচ্ছে বলে স্বীকার করেন চেয়ারম্যান।
“অনেক সময় ফাইল খুঁজে পাওয়া যায় না। ৫০০ টাকা ধরিয়ে দিলেই কাজটা করে দেয়। এটা আমাদের কিছু কিছু লোকের খাসলত।”
এ ধরনের কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।
বিআরটিএর পরিচয়পত্র ছাড়া অন্য কারও সঙ্গে যে কোনো ধরনের লেনদেন থেকে বিরত থাকতে সেবাগ্রহীতাদের তিনি পরামর্শ দেন।
“বিআরটিএর পরিচয়পত্র ছাড়া কারও সঙ্গে কোনো কাজের বিষয়ে আলাপ করবেন না। এদের বাইরে কেউ যদি কাজ করে দেওয়ার দায়িত্ব নিতে চায় তাকে ধরে আমাদের কাছে সোপর্দ করবেন।”
