মেধানির্ভর অর্থনীতি তৈরিতে আইটিখাতে আনা হবে যুব সমাজকে: পলক
দেশে মেধা নির্ভর অর্থনীতি তৈরির লক্ষ্যে যুব সমাজকে অনলাইনভিত্তিক কর্মকাণ্ডে জড়িত করার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সোমবার রাজধানীর ইন্টারন্যশানাল কনভেনশন সিটি বসুন্ধরার নবীন ফ্রিল্যান্সারদের নিয়ে আয়োজিত ‘ফ্রিল্যান্সার কনফারেন্স ২০১৬’ অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের নেওয়া এই উদ্যোগ তুলে ধরেন তিনি।
প্রতিমন্ত্রী জানান, দেশের প্রান্তিক অঞ্চলের তরুণ-তরুণীদের গ্রাফিক্স ডিজাইনিং, ওয়েব ডিজাইনিং, ওয়েব লেআউট, সফটওয়্যার ডেভেলপমেন্ট ও ডাটা এন্ট্রিসহ ইন্টারনেট ভিত্তিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাড়াতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ‘লার্নিং অ্যান্ড আর্নিং’ প্রজেক্ট হাতে নিয়েছে।
“আমরা এই প্রজেক্টের আওতায় সারা বাংলাদেশে ৬৪ জেলায় ৫৫ হাজার ফ্রিল্যান্সার তৈরি করছি; আমরা তাদের বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছি। আগামী দুই বছরে এক লক্ষ ৮৬ হাজার তরুণীদের আমরা প্রশিক্ষণ দেব।"
এই প্রশিক্ষিত জনগোষ্ঠী ২০২১ সাল নাগাদ দেশের অর্থনীতিতে ১ বিলিয়ন মার্কিন ডলার অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পলক বলেন, ২০০৮ সালের ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছিলেন। আজকের এই বিশেষ দিনকে স্মরণীয় করে রাখার জন্য ১২ ডিসেম্বরকে জাতীয় তথ্য প্রযুক্তি দিবস হিসেবে ঘোষণা করার জোর দাবি জানাই।
অনলাইন ভিত্তিক কর্মকাণ্ডে যুবসমাজের অংশগ্রহণ বাড়াতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আয়োজিত ফ্রিল্যান্সার কনফারেন্স ২০১৬ এর সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তথ্যমন্ত্রী কৃষক, গার্মেন্টস কর্মী ও প্রবাসী শ্রমিকদের পাশাপাশি তথ্য ও যোগাযোগ কর্মীদের দেশের অর্থনীতির ‘চতুর্থ শক্তিশালী স্তম্ভ’ অভিহিত করে বলেন, "১২ ডিসেম্বরকে জাতীয় তথ্যপ্রযুক্তি দিবস হিসেবে ঘোষণা করা হোক। আমরা যৌথভাবে প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাব। আশা করি ২০১৭ সালে রাষ্ট্রীয় ভাবে দিবসটি পালিত হবে।"
অনুষ্ঠানে দেশের সফল ২০ জন নারী, পুরুষ ফ্রিল্যান্সারদের হাতে সম্মাননা তুলে দেন তিনি।
এছাড়াও শারীরিক ও আর্থিক প্রতিবন্ধকতা অতিক্রম করে উঠে আসা বেশ কিছু নতুন ফ্রিল্যান্সারদের ল্যাপটপ প্রদান করা হয়।
