জগন্নাথের শিক্ষক সমিতির নেতৃত্বে প্রিয়ব্রত-বাকী
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও অর্থনীতি বিভাগের অধ্যাপক প্রিয়ব্রত পাল সভাপতি এবং প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবদুল বাকী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এই নির্বাচনে ২০১৭-১৮ সালের ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদে প্রিয়ব্রত-বাকী প্যানেলের ১৩ জন শিক্ষক নির্বাচিত হন।
সোমবার বেলা ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ভোটগ্রহণ চলে। বিকাল সোয়া ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে ফল ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশনার, ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক ছগীর হোসেন খন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সর্বমোট ৪৪০ জন ভোট দিয়েছেন।
সভাপতি পদে প্রিয়ব্রত পাল ২২৯ ভোট পান। সাধারণ সম্পাদক পদে আব্দুল বাকী পান ২৪০ ভোট।
নির্বাচিত অন্যরা হলেন- সহ-সভাপতি পদে প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মাসুদ, কোষাধ্যক্ষ পদে মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক জহির উদ্দীন আরিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আব্দুস সালাম।
এছাড়া সদস্য নির্বাচিত হয়েছেন খন্দকার তানভীর হোসেন, কাজী সাবরিনা রহমান, কিশোর রায়, মোহাম্মদ আব্দুল্লাহ মাহফুজ, শবনম শারমিন লুনা, শাহ মো. আরিফুল আবেদ, মোহাম্মদ রেজাউল হোসাইন, কাজী ফারুক হোসেন, জেলিনা সুলতানা ও মামুনুর রশীদ শেখ।
