২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

লালফিতার দৌরাত্ম্য কমাতে এলো ‘ফাইল ট্র্যাকিং’

আমলাতান্ত্রিক লালফিতার দৌরাত্ম্য নিয়ে নাগরিকদের মধ্যে দীর্ঘ দিনের অসন্তোষের মুখে কাজে গতি আনতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ‘ফাইল ট্র্যাকিং’ চালু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2016, 05:33 PM

Updated : 11 Oct 2022, 09:26 PM

পুরনো খবর:

ফাইলে গতি আনতে তারানার কৌশল

সরকারি কাজে প্রথমবারের মতো প্রবর্তিত নাগরিক নজরদারির নতুন পদ্ধতিটি সোমবার উদ্বোধন করেন প্রতিমন্ত্রী তারানা হালিম।

এ পদ্ধতিতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সামনে বসানো টিভি মনিটরে কোন ফাইল কোন কর্মকর্তার কাছে কতদিন ধরে রয়েছে তা যে কেউ দেখতে পাবে। সংশিষ্ট কর্মকর্তারা নিজেদের কম্পিউটারের মাধ্যমে একই তথ্য জানতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে তারানা হালিম সাংবাদিকদের বলেন, “একটি অনুষ্ঠানে আমি ঘোষণা দিয়েছিলাম কাজে গতি আনতে নতুন কৌশল গ্রহণ করব। এরই ধারাবাহিকতায় সরকারের অফিসগুলোর মধ্যে প্রথম এই নথি মুভমেন্ট পদ্ধতি চালু হলো।”

এখন ফাইল চালাচালিতে কোনো গোপনীয়তা থাকবে না উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, “কার টেবিলে কোন ফাইল কত দিন থাকলো তা এই মনিটরে ডিসপ্লে হবে। এর ফলে দিনের পর দিন কারো টেবিলে ফাইল পড়ে থাকবে না, ফাইলে গতি পাবে।

“আমার মোবাইল ফোনের অ্যাপের মাধ্যমেও ফাইল ট্রাক করতে পারব।”

স্বচ্ছতা, কাজে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, নিরাপত্তা নিশ্চিত করেই ই পদ্ধতি প্রবর্তন করা হয়েছে। প্রাথমিকভাবে বিভাগের সামনে যে কেউ এই মনিটরের মাধ্যমে ফাইলের অবস্থান জানতে পারবে।

এই পদ্ধতিটিকে অনলাইনে উন্মুক্ত করা যায় কি না তার আইনি বিষয়গুলো বিবেচনা করা হচ্ছে বলেও জানান তারানা হালিম।

ডাক ও টেলিযোগাযোগ সচিব ফয়জুর রহমান চৌধুরী এসময় উপস্থিত ছিলেন।