২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইলে গতি আনতে তারানার কৌশল

আমলাতান্ত্রিক ‘লালফিতার’ দৌরাত্ম‌্য নিয়ে বহুদিনের অসন্তোষের প্রেক্ষাপটে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কাজে ফাইল চলাচালির গতি আনতে ‘রেজিস্টার বই’ খুলতে যাচ্ছেন প্রতিমন্ত্রী তারানা হালিম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2016, 05:54 PM

Updated : 20 Aug 2022, 01:29 PM

জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার ডাক বিভাগের মিলনায়তনে সংস্থার অবিভাগীয় (ইডি- এক্সটা ডিপার্টমেন্টাল) কর্মচারীদের আয়োজনে শোকসভায় বক্তব্যে তিনি একথা জানান।

বিভাগের কাজে ধীর গতিতে ক্ষুব্ধ তারানা বলেন, “একটি বিষয় মাঝে মাঝে আমাকে খুব ক্ষুব্ধ করে, সেটা হচ্ছে আমার টেবিলে কোনো ফাইল দু’দিনের বেশি থাকে না, তাহলে কোনো টেবিলে এই ফাইলগুলো সাত দিন, আট দিন, দশ দিন, পনের দিন থাকে।”

ক্ষোভ প্রকাশ করার পর এ থেকে উত্তরণে নিজের উদ্যোগও তুলে ধরেন তিনি।  

“আমি নিজে একটা রেজিস্ট্রার বই তৈরি করছি। এখান থেকে কত তারিখে ফাইল কার টেবিলে গেল... ফাইল কার টেবিলে কতদিন পড়ে থাকে, এসিআরে সই করবার আগে সেটি আমাকে অবশ্যই দেখতে হবে।”

না চাইলেও বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নিতে বাধ‌্য হয়েছেন বলে জানান প্রতিমন্ত্রী।

Image
তারানা হালিম (ফাইল ছবি)

তারানা হালিম (ফাইল ছবি)

বেসরকারি খাতের মনোভাব নিয়ে সরকারি খাতে কাজ করার আহ্বান জানিয়ে তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “নতুনভাবে কাজ করবেন, আপনার প্রতিষ্ঠানকে দাঁড় করাবেন, আপনার বেতন-ভাতা অবশ্যই বাড়বে।”

চলতি মাসে সারাদেশে আট হাজার ডাকঘরের ইডি কর্মীদের সম্মানী শতভাগ বাড়ায় সরকার। সারাদেশে ইডি কর্মীর এ সংখ্যা ২৩ হাজার। তাদের ভাতা ১ হাজার ২০ টাকা থেকে দ্বিগুণ হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, “যেটা দিয়ে সম্মান বৃদ্ধি করা যায় না সেটা সম্মানী বলতে পারি না। অন্তত পাঁচশ গুণ বৃদ্ধি করতে পারলে তখন সেটাকে কোনো রকমে টেনেটুনে সম্মানী বৃদ্ধি বলতে পারি। আমার লক্ষ্য সেটাই, কিন্তু সীমাবদ্ধতা অনেক।”

উপজেলা পোস্ট মাস্টারদের গ্রেড-২ তে উন্নীত করতে দু’দিন আগে ফাইল সই করা হয়েছে জানিয়ে তারানা বলেন, “আশা করছি, তারা দ্বিতীয় গ্রেড পাবে।”

অনুষ্ঠানে ডাক বিভাগের মহাপরিচালক প্রভাস চন্দ্র সাহা, অতিরিক্ত মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র, বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আমজাদ আলী খান, ইডি কর্মচারী ইউনিয়নের সভাপতি শাহনেওয়াজ চৌধুরী বক্তব্য রাখেন।