পছন্দের এয়ারলাইনে হজযাত্রায় সর্বোচ্চ আদালতের সায়
শুধু বাংলাদেশ বিমান ও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সে হজে যাওয়ার সরকারের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে দেওয়া হাই কোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে দিয়েছে আদালত।
এ আদেশের ফলে পছন্দমতো যেকোনো এয়ারলাইন্সে যাত্রীরা হজে যেতে পারবেন বলে জানিয়েছেন আবেদনকারীর আইনজীবী।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেয়।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মাহবুব শফিক।
পরে ব্যারিস্টার শফিক সাংবাদিকদের বলেন, “হজযাত্রীদের দুইটি এয়ারলাইন্স বেঁধে দেওয়াটা ‘কম্পিটিশন অ্যাক্ট’ এর লঙ্ঘন- আদালত এটি বলেছেন। আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে দেওয়ায় যাত্রীদের ইচ্ছেমত যেকোনো এয়ারলাইন্সে হজে যেতে আর কোনো বাধা রইল না।”
২০১৩ সালের ২৪ এপ্রিল বিমান বাংলাদেশ ও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স ছাড়া অন্য কোনো পরিবহনে হজে যাওয়া যাবে না বলে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় সিদ্ধান্ত নেয়।
এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ওই বছরই হাই কোর্টে রিট করেন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সহ-সভাপতি আব্দুল কবির খান, মহাসচিব শেখ আব্দুল্লাহ ও রেজাউল ইসলাম নামের এক হজযাত্রী।
২০১৩ সালের ২৯ জুলাই বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের হাই কোর্ট বেঞ্চ রুল জারি করে এবং পছন্দমতো বিমানে হজে যাওয়ার অনুমতি দিয়ে আর্ন্তবর্তী আদেশ দেয়।
রুলে বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে হজযাত্রী পরবিহনে মন্ত্রণালয়ের নেওয়া সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছিল আদালত।
পরে সরকারের আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী হাই কোর্টের অন্তর্বর্তীকালীন আদেশ স্থগিত করে দেয়।
এর বিরুদ্ধে আবেদন করা হলে তিন মাসের মধ্যে হাই কোর্টে এ মামলার নিষ্পত্তি করতে আদেশ দেয় আপিল বিভাগ।
সে অনুযায়ী বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. হাবিবুল গণির বেঞ্চ ২০১৪ সালের ২০ ফেব্রুয়ারি সরকারি সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দেয়।
এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল আবেদনটিই বৃহস্পতিবার খারিজ করে দেওয়া হলো।
