২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোবিন্দগঞ্জে আলামত নষ্টের অভিযোগে উকিল নোটিস

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের বিরোধপূর্ণ জমি থেকে সাঁওতালদের উচ্ছেদের সময় ভাংচুর, অগ্নিসংযোগ ও সংঘর্ষ আলামত নষ্টের অভিযোগ জানিয়ে কর্তৃপক্ষকে উকিল নোটিস পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2016, 12:42 PM

Updated : 20 Aug 2022, 02:26 PM

সুপ্রকাশ দত্ত অমিত নামের ওই আইনজীবী রংপুর চিনিকল কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছেন- ‘কোন আইনে ও ক্ষমতাবলে আলামত নষ্ট বা অদৃশ্য করা হয়েছে’।

রংপুর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আউয়ালকে বুধবার রেজিস্ট্রি ডাকে ওই নোটিস পাঠিয়ে ২৪ ঘণ্টার মধ্যে জবাব চাওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে জবাব না পেলে আইনগত পদক্ষেপ নেবেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সুপ্রকাশ দত্ত।  

নোটিসে তিনি বলেছেন, “গত ৬ নভেম্বর সাঁওতালদের ঘরবাড়ি জ্বালিয়ে, সাঁওতালদের হত্যা করে তাদের উচ্ছেদ করা হয়েছে বলে পত্রপত্রিকায় খবর এসেছে। কিন্তু ৮ নভেম্বর থেকে আপনি (চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক) উচ্ছেদকৃত এলাকায় ট্রাক্টর চালিয়ে ঘটনার আলামত নষ্ট করেছেন।

“সরকারি কর্মচারী হিসেবে আলামত সংরক্ষণ ও আইন-শৃংখলা বাহিনীকে সহায়তা করা আপনার দায়িত্ব। কিন্তু আপনি এবং অন্য কর্মকর্তারা ক্রাইম সিন এলাকা থেকে আলামত অদৃশ্য করে ফৌজদারি অপরাধ করেছেন। এটা দণ্ডবিধি ২০১ ধারায় ফৌজদারি অপরাধ।”

আলামত ছাড়া ওই ঘটনায় নিহত শ্যামল হেমব্রম ও মঙ্গল মার্ডির হত্যায় ন্যায়বিচার নিশ্চিত করা কঠিন হবে বলেও মন্তব‌্য করা হয়েছে ওই নোটিসে।

সাঁওতাল ও বাঙালিদের ১৮টি গ্রামের ১ হাজার ৮৪০ দশমিক ৩০ একর জমি ১৯৬২ সালে অধিগ্রহণ করে রংপুর চিনিকল কর্তৃপক্ষ আখ চাষের জন্য সাহেবগঞ্জ ইক্ষু খামার গড়ে তুলেছিল। সেই জমি ইজারা দিয়ে ধান ও তামাক চাষ করে অধিগ্রহণের চুক্তিভঙ্গের অভিযোগ তুলে তার দখল ফিরে পেতে আন্দোলনে নামে সাঁওতালরা।

এরপর সাহেবগঞ্জ বাগদা ফার্মে বিরোধপূর্ণ চিনিকলের জন‌্য অধিগ্রহণ করা ওই জমিতে কয়েকশ ঘর তুলে সাঁওতালরা বসবাস শুরু করেন। গত ৬ নভেম্বর চিনিকল কর্তৃপক্ষ জমি উদ্ধার করতে গেলে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের সময় সাঁওতালদের বাড়িঘরে লুটপাট হয়। সংঘর্ষের এক পর্যায়ে পুলিশ গুলি চালায়। ওই ঘটনায় নিহত হন তিন সাঁওতাল, আহত হন অনেকে।

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, ওই জমি সাঁওতালদের ছিল না। ‘ভূমিদস্যুরা’ সাঁওতালদেরকে ‘ব্যবহার করেছে’। তাদের উদ্দেশ্য ছিল সাঁওতালদের দিয়ে ‘দখল করিয়ে পরে নিজেদের দখলে নেওয়া’। অন‌্যদিকে সাঁওতাল পল্লীর বাসিন্দারা বলছেন, তারা ‘বাপ-দাদার জমিতে’ থাকার অধিকার চান।

ওই ঘটনা নিয়ে আইন ও সালিশ কেন্দ্র (আসক), অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি), ব্রতী সমাজ কল্যাণ সংস্থার একটি এবং আহত সাঁওতাল দ্বিজেন টুডোর স্ত্রী অলিভিয়া হ্যামভ্রম এবং গণেশ মুরমোর স্ত্রী রুমিলা কিসকুর করা আরেকটি রিট আবেদন বর্তমানে হাই কোর্টে বিচারাধীন।