২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিদেল কাস্ত্রোর মৃত‌্যুতে মন্ত্রিসভার শোক

কিউবার অবিসংবাদিত নেতা ফিদেল কাস্ত্রোর মৃত‌্যুতে শোক প্রস্তাব গ্রহণ করেছে বাংলাদেশের মন্ত্রিসভা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2016, 03:22 PM

Updated : 11 Oct 2022, 09:24 PM

পুরনো খবর:

বন্ধু ফিদেল কাস্ত্রোর মৃত‌্যুতে শোক বাংলাদেশে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে শোক প্রস্তাব নেওয়া হয় বলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন।

তিনি বলেন, “বৈঠকের শুরুতেই মন্ত্রিসভায় কিউবার প্রয়াত রাষ্ট্রপতি মহান নেতা ফিদেল কাস্ত্রোর উপরে বিস্তারিত শোক প্রস্তাব গ্রহণ করা হয় এবং সেটা সর্বসম্মতভাবে গৃহীত হয়।”

গত ২৬ নভেম্বর ৯০ বছর বয়সে মারা যান সমাজতান্ত্রিক কিউবার প্রতিষ্ঠাতা ফিদেল কাস্ত্রো।

এই বিপ্লবী নেতার মৃত্যুতে ওই দিনই রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোকবার্তা পাঠিয়ে বাংলাদেশের স্বাধীনতায় তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

একাত্তরে মুক্তিকামী বাঙালিদের পক্ষে দাঁড়ানো ফিদেল কাস্ত্রোকে বাংলাদেশ সরকার ২০১৩ সালে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননায়’ ভূষিত করে।

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল কমিউনিস্ট নেতা ফিদেল কাস্ত্রোর।

১৯৭৩ সালে আলজিয়ার্সে জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) সম্মেলনে বৈঠক হয়েছিল তাদের।