আন্দোলনে থাকছেন টেলিভিশন শিল্পী-কলাকুশলীরা
বিদেশি চ্যানেলের ডাউনলিংকে দেশি বিজ্ঞাপন প্রচার বন্ধের ঘোষণা আসার পর টেলিভিশনের মালিকরা কর্মসূচি স্থগিত করলেও কয়েকটি দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণার দিয়েছেন টেলিভিশনের শিল্পী-কলাকুশলীরা।
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলেন করে এই ঘোষণা দেন ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশনের (এফটিপিও) আহ্বায়ক মামুনুর রশিদ।
দাবিগুলোর মধ্যে বাংলায় ডাব করা বিদেশি সিরিয়াল বা অনুষ্ঠান বন্ধে ১৫ ডিসেম্বর এবং অন্য তিন দাবি আদায়ে ১ জানুয়ারি পর্যন্ত আল্টিমেটাম দিয়েছে সংগঠনটি।
মামুনুর রশিদ বলেন, “আমরা পাঁচটি দাবিতে আন্দোলন শুরু করেছিলাম। তার মধ্যে পঞ্চমটি টেলিভিশন মালিকদেরও দাবি ছিল, যেটা বাস্তবায়ন হয়েছে। বাকি চার দাবি আদায়ের লক্ষ্যে আমরা আন্দোলন থেকে সরব না।”
বাংলাদেশে সম্প্রচারিত বিদেশি টেলিভিশন চ্যানেলে দেশি পণ্যের বিজ্ঞাপন বন্ধের আশ্বাসে শনিবার এক সংবাদ সম্মেলনে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন মিডিয়া মিডিয়া ইউনিটির আহ্ববায়ক একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু।
ওই সংবাদ সম্মেলনেই বিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচার বন্ধের ঘোষণা দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। বিদেশি চ্যানেলে দেশি পণ্যের বিজ্ঞাপনের মাধ্যমে বছরে ৪০০ কোটি টাকা বিদেশে যাওয়ার জন্য মূলত সাগরের ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড সংশ্লিষ্টদের দুষছিলেন আন্দোলনকারীরা।
বিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে দেশের টাকা ‘অবৈধভাবে’ বিদেশে ‘পাচার’ হয়ে যাচ্ছে- এমনঅভিযোগ তুলে গত ৫ নভেম্বর থেকে আন্দোলনে নামে মিডিয়া ইউনিটি।
এর বাইরে শিল্পী-কলাকুশলীদের অন্য দাবিগুলো হচ্ছে- দেশের বেসরকারি চ্যানেলে বাংলায় ডাবকৃত বিদেশি সিরিয়াল বা অনুষ্ঠান বন্ধ করা; টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ, ক্রয় ও প্রচারের ক্ষেত্রে ক্লায়েন্ট বা এজেন্সির হস্তক্ষেপ ব্যতিত চ্যানেলের অনুষ্ঠান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারা নিয়ন্ত্রিত হওয়া; টেলিভিশন শিল্পের সর্বক্ষেত্রে এআইটির ন্যূনতম ও যৌক্তিক হার পুনর্নির্ধারণ করা এবং বিশেষ প্রয়োজনে অনুমতিসহ দেশের টেলিভিশন শিল্পে বিদেশি শিল্পী ও কলাকুশলীদের অবৈধভাবে কাজ করা বন্ধ করা।
সংবাদ সম্মেলনে মামুনুর রশিদ জানান, ‘শিল্পে বাঁচি, শিল্প বাঁচাই’ স্লোগান নিয়ে ৩০ নভেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে পাঁচ দফা দাবি নিয়ে এফটিপিও’র ব্যানারে সমাবেশ করেন শিল্পী-কলাকুশলীরা। যেখানে মিডিয়া ইউনিটি ব্যানারে তাদের সঙ্গে সংহতি জ্ঞাপন করে অধিকাংশ টেলিভিশনের মালিক ও কর্তাব্যক্তিরা।
”শিল্প বাঁচানোর জন্য আল্টিমেটাম অনুসারে কর্মসূচি অব্যাহত থাকবে,” বলেন তিনি।
বিদেশি চ্যানেলের সঙ্গে অসম বাণিজ্য বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, “হিন্দি সিরিয়াল চলার মাধ্যমে সাংস্কৃতিক আগ্রাসনের শিকার হচ্ছি আমরা। এজন্য ডাবিং অনুষ্ঠান বন্ধের পাশাপাশি হিন্দি সিরিয়াল বন্ধ করার উচিত বলে আমি মনে করি। আমাদের দাবি, দেশে হিন্দি সিরিয়াল বন্ধ করা হোক।”
এক প্রশ্নের উত্তরে এফটিপিওর সদস্যসচিব গাজী রাকায়েত বলেন, ”সাংস্কৃতিক আগ্রাসন চলছে। ডাবিংকৃত অনুষ্ঠানে দর্শকমুখীতার কথা তুলে আমরা তো যেকোনো অনুষ্ঠান আমরা চালিয়ে দিতে পারি না। অ্যাডাল্ট সিনেমা কি আমরা চাইলে চালাতে পারি?”
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে প্রযোজক মনোয়ার পাঠান, নির্মাতা চয়নিকা চৌধুরী, মাসুম রেজা, অভিনেত্রী রোকেয়া প্রাচী উপস্থিত ছিলেন।
