ক্যানভাসে ‘অসময়ের গল্প’
সময়টা খুব বিক্ষিপ্ত, প্রতিনিয়ত বিভ্রান্তিতে ছেঁয়ে যাচ্ছে চারপাশ। প্রযুক্তির উৎকর্ষে অনুভূতিগুলো যেন প্রতিনিয়তই ভোঁতা হয়ে যাচ্ছে।
প্রযুক্তির প্রভাবে মানুষের বিক্ষিপ্ত এবং বিভ্রান্ত অবস্থাই ভাবিয়েছে তরুণ শিল্পী মনজুরুল শিবলীকে। ‘অসময়ের গল্প’ সিরিজে তিনি এঁকেছেন এই বিক্ষিপ্ত সময়ের গল্প। রং-তুলিতে মূর্ত করে তুলেছেন মানবিক অনুভূতিকে।
শুক্রবার বিকালে প্রদর্শনীর উদ্বোধন করেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। আঁলিয়স ফ্রঁসেজ দো ঢাকার ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহ সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের।
‘অসময়ের গল্প’ শিরোনামের প্রদর্শনীতে ৩৫টি চিত্রকর্ম স্থান পেয়েছে।
১০ ডিসেম্বর পর্যন্ত সবার জন্য উন্মুক্ত এই প্রদর্শনীর সাপ্তাহিক বন্ধ থাকবে রোববার।
অন্য দিনগুলোর মধ্যে সোমবার থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে।
