সাংবাদিকের বাইক চুরিতে সিসি ক্যামেরায় ধরা পড়া একজন গ্রেপ্তার
রাজধানীর মগবাজারে এক আলোকচিত্র সাংবাদিকের মোটর সাইকেল চুরির ঘটনায় তার বাড়ির সিসি ক্যামেরায় ধরা পড়া একজনকে গ্রেপ্তার করেছে রমনা থানা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তির নাম মোকলেস (৩৫) বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার বিকালে মগবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন পুলিশের রমনা জোনের উপ কমিশার মারুফ হোসেন সরদার।
এর আগে মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে ইস্কাটন দিলু রোডের বাসা থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোকচিত্র সাংবাদিক আব্দুল মান্নান দীপ্তের মোটর সাইকেলটি চুরি হয়।
বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বিকালে এক বন্ধু ফোনে জানায় ফুটেজে থাকা একজনকে সে মগবাজারের একটি গলিতে দেখে চিনতে পেরেছে।”
এরপর মগবাজার এলাকায় গিয়ে রমনা থানার এসআই নভেন্দ্র কুমার গিয়ে মোকলেসকে গ্রেপ্তার করেন।
মোটর সাইকেল চুরির ঘটনায় রমনা থানায় একটি মামলা করেছেন দীপ্ত।
ওই মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার এসআই আবুল কালাম আজাদ বলেন, “সিসিটিভি ফুটেজে মোকলেসকে দেখা গিয়েছে। তাকে দেখে মনে হয়েছে মোটর বাইকটি চুরিতে সে সহায়তা করছে।”
ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে মোকলেসকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে বলে জানান তিনি।
“পরে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দেখা যায়, ভোর পৌনে ৫টার দিকে দুই যুবক মোটর সাইকেলের তালা ভেঙে সেটি নিয়ে যাচ্ছে। বাসার বাইরে আরও কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।”
এ ঘটনার পর মঙ্গলবার রাতে মগবাজার এলাকা থেকে পারভেজ ও রনি নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়, যাদেরকে আদালতের মাধ্যমে একদিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
মোটরবাইক চুরির ঘটনায় তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান মামলা তদন্ত কর্মকর্তা এসআই আবুল কালাম আজাদ।
