২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে ভারত’

সন্ত্রাসবাদকে বৈশ্বিক সমস্যা হিসেবে আখ্যায়িত করে ভারত আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে বলে মন্তব্য করেছেন দেশটির বাংলাদেশ সফররত প্রতিরক্ষামন্ত্রী মনোহর গোপালকৃষ্ণ প্রভু পারিকর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2016, 07:57 PM

Updated : 20 Aug 2022, 02:22 PM

বুধবার বিকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে ভারতের প্রতিরক্ষামন্ত্রী এ কথা বলেন।

সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব সাংবাদিকদের বলেন, “ভারতের প্রতিরক্ষামন্ত্রীকে বঙ্গভবনে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশ সন্ত্রাসবাদের বিপক্ষে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাস করে এবং এই নীতির আলোকেই এগিয়ে যাচ্ছে’।

“রাষ্ট্রপতি সাক্ষাতের সময় সম্প্রতি ভারতের উরি ও পাঠানকোটে সন্ত্রাসী হামলার নিন্দা জানান এবং হতাহতের ঘটনায় সমবেদনা প্রকাশ করেন।”

প্রেস সচিব বলেন, “ভারতের প্রতিরক্ষামন্ত্রী সাক্ষাতের সময় বলেন, ‘সন্ত্রাসবাদ একটি বৈশ্বিক সমস্যা। ভারত আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে’।”

রাষ্ট্রপতি দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশে প্রশিক্ষণের জন্য ভারতের সশস্ত্র বাহিনীর আরও সদস্য পাঠানোর আহ্বান জানান এবং দুই দেশের যৌথ মহড়া আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন বলে জানান প্রেস সচিব।

প্রেস সচিব বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেন, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত চমৎকার। সময়ের বিবর্তনে এই সম্পর্ক আরও সম্প্রসারিত হচ্ছে।”

রাষ্ট্রপতি বাংলাদেশের মুক্তিযুদ্ধে সার্বিক সহযোগিতার জন্য ভারতের সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি এসময় বলেন, মুক্তিযুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর অনেক সদস্য মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গ করেছেন। তিনি এসময় তাদের প্রতি শ্রদ্ধা জানান।

সফররত প্রতিরক্ষামন্ত্রী সাক্ষাতের সময় দুই দেশের সামরিক সহযোগিতা বাড়াতে যৌথ উদ্যোগ এবং এ লক্ষ্যে প্রশিক্ষণ বিনিময় ও যৌথ মহড়ার ওপর গুরুত্বারোপ করেন বলেও জানান প্রেস সচিব।

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলাসহ দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।