ধর্ষণের আসামিকে পুলিশে দিল হাই কোর্ট
আত্মসমর্পণ করে আগাম জামিন চাইতে আসা ধর্ষণ মামলার এক আসামিকে পুলিশের হাতে তুলে দিয়েছে হাই কোর্ট।
মো. নয়ন মিয়া নামে ওই আসামির জামিনের আবেদন খারিজ করে বিচারপতি শেখ আবদুল আওয়াল ও বিচারপতি সহিদুল করিমের বেঞ্চ মঙ্গলবার এই পদক্ষেপ নেয়।
ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে চলতি বছর ২৭ জুলাই কুমিল্লার দাউদকান্দির মতিউর রহমান জজ মিয়ার ছেলে নয়নের নামে থানায় মামলা হয়।
মামলাটি বর্তমানে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন।
এ মামলায়ই আত্মসমর্পণ করে নয়ন আগাম জামিন নিতে আসেন হাই কোর্টে।
শুনানিতে জামিনের বিরোধিতা করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এফ আর খান বলেন, “এজাহার অনুযায়ী আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তাই আমরা আবেদনের সপক্ষে গ্রহণযোগ্য কোনো যুক্তি পাইনি।”
শুনানি শেষে আদালত জামিন আবেদনটি খারিজ করে দেয়। এরপর আদালতের নির্দেশে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী হারুন-অর রশিদ।
