২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাস্ত্রোর মৃত্যু: শোক পালন করবে সিপিবি-ওয়ার্কার্স পার্টি

কিউবা বিপ্লবের নেতা ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে আলাদা কর্মসূচিতে শোক পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2016, 07:33 PM

Updated : 20 Aug 2022, 02:20 PM

এর মধ্যে সিপিবি আগামী সোমবার একদিনের শোক কর্মসূচি এবং ওয়ার্কাস পার্টি রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত তিনদিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে।

বিশ্বজুড়ে সাম‌্যবাদের স্বপ্নচারীদের নায়ক কাস্ত্রোর মৃত্যুর পর শনিবার এক বিবৃতিতে সিপিবি জানায়, সোমবার সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে শোক দিবস পালন করা হবে।

এই দিন কেন্দ্রীয় অফিসসহ সারা দেশে সিপিবির অফিসগুলোতে দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হবে।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য সারা দেশের পার্টির ইউনিটগুলোকে আহ্বান জানিয়েছেন সিপিবি নেতারা। 

এদিকে কিউবার জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সিপিবির পক্ষ থেকে কিউবার কমিউনিস্ট পার্টির কাছে এক শোকবার্তা পাঠানো হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।

বিবৃতিতে কাস্ত্রোর মৃত্যুকে একুশ শতকের সমাজতান্ত্রিক আন্দোলনের ‘অপূরণীয় ক্ষতি’ হিসেবে আখ্যায়িত করেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ।

তারা বলছেন, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি ফিদেল কাস্ত্রো ও তার দলের অকুণ্ঠ সমর্থনের কথা বাংলাদেশের জনগণ চিরদিন কৃতজ্ঞতা ও শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

তিন দিনের শোক পালনের ঘোষণা দিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বিবৃতিতে বলা হয়, এ সময় কেন্দ্রীয় কার্যালয়ে পার্টির পতাকা অর্ধনমিত রাখা হবে।

রোববার সকাল ১০টায় তোপখানা রোডের শহীদ আসাদ মিলনায়তনে স্থাপিত ফিদেল কাস্ট্রোর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

৯০ বছর বয়সে শনিবার কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর জীবনাবসান ঘটে বলে কিউবার রাষ্ট্রীয় টেলিভিশনকে উদ্ধৃত করে আন্তর্জাতিক সংবাদ মাধ‌্যমগুলো জানায়।

যুক্তরাষ্ট্রের প্রায় কোলের মধ‌্যে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করে অর্ধশতক কাল দেশ শাসনের পর ২০০৮ সালে ক্ষমতা ছোট ভাই রাউলকে ছেড়ে দিয়ে অবসর কাটাচ্ছিলেন ফিদেল।