স্মৃতির গল্প নিয়ে চিত্র প্রদর্শনী
প্রতিদিনের জীবনে কত ঘটনা মনে দাগ কেটে যায়, পুরনো স্মৃতির ওপর পড়ে নতুন ছাপ।। মানসপটে ভেসে আসা স্মৃতিগুলো কখনও নানা রঙে সজীব, কখনও হয় রঙহীন, বিবর্ণ-ধূসর।
স্মৃতির এমন হরেক গল্প নিয়ে ঢাকায় আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারি ও জুম গ্যালারিতে শুরু হয়েছে চিত্রশিল্পী মো. আবদুল গাফ্ফার বাবুর দ্বিতীয় একক চিত্র প্রদর্শনী ‘সময়ের ছাপ’।
গাফফার বাবুর ছবিতে অজস্র চিহ্নের ছড়াছড়ি- সব মিলিয়ে ছবিগুলোয় হাসি আছে, কান্না আছে, অপরিচয়ের ধাক্কা আছে, বন্ধুত্বের প্রশান্তি আছে, আতিথেয়তার তৃপ্তি আছে, বুঝতে না পারার বেদনা আছে। সর্বোপরি আবেগ আর অনুভূতির মিশ্রণে তৈরি ছবিগুলোর চেহারা বিমূর্ত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে ২০০৮ সালে ছাপচিত্র বিষয়ে স্নাতকোত্তর উত্তীর্ণ হয়েছেন আব্দুল গাফফার বাবু।
তিনি জলরঙ, তেলরঙ, পেন্সিল, অ্যাক্রিলিক, চারকোল, উডকাট, লিথোগ্রাফ, মিশ্র মাধ্যমসহ নানা মাধ্যমে কাজ করেন।
রোববার সাপ্তাহিক বন্ধ ছাড়া প্রদর্শনীটি চলবে ২৯ নভেম্বর পর্যন্ত। এর মধ্যে সোমবার থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য খোলা থাকবে।
