চার সহকর্মীর মুক্তির দাবি জামাল অ্যান্ড কোম্পানি শ্রমিকদের
ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো’র ডিস্ট্রিবিউটর জামাল অ্যান্ড কোম্পানির মালিকের করা মামলায় কারাবন্দি চার শ্রমিকের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে কোম্পানি শ্রমিকরা।
বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ হয়।
ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো’র ঠিকাদার প্রতিষ্ঠান জামাল অ্যান্ড কোম্পানি।
সমাবেশের বক্তব্য কোম্পানিটির শ্রমিক মো. হানিফ বলেন, “দীর্ঘ ২৫ বছর কাজ করেও এই শ্রমিকরা ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো’র নিজস্ব স্থায়ী কর্মী হতে পারেন নাই। দিনের পর দিন আউট সোর্সিংয়ের নামে শ্রমিকদের নানা পাওনা থেকে বঞ্চিত রাখা হয়েছে।
“মজুরি, খাবারের টাকাসহ অন্যান্য ভাতা কমিয়ে দেওয়ার প্রতিবাদ করায় শ্রমিকদের উপর নির্মম জুলুম নেমে এসেছে। মালিক শ্রমিকদের বিরুদ্ধে চুরি ও ভাংচুরের অভিযোগে মিথ্যা মামলা দায়ের করেছে।”
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহ-সভাপতি শ্রমিক নেতা মাহাবুব আলম বলেন, শ্রমিকরা কষ্ট করে পরিশ্রম করে কাজ করে। তাদের ন্যায্য অধিকারের দাবি করায় তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে।”
পুলিশ বস্তুনিষ্ঠ তদন্ত না করে চার শ্রমিককে গ্রেপ্তার করে দাবি করে তিনি বলেন, “পরে পুলিশ সাতদিনের রিমান্ড আবেদন করলেও আদালত রিমান্ড আবেদন নাকচ করে শ্রমিকদের কারাগারে প্রেরণ করেছে।”
সমাবেশ থেকে অবিলম্বে কারাবন্দি চার শ্রমিককে মুক্তি দেওয়ার পাশাপাশি মালিকের দেওয়া ‘মিথ্যা মামলা’ তুলে নিয়ে শ্রমিকদের উপর সকল জুলুম-নির্যাতন বন্ধ করার দাবি জানান শ্রমিক নেতারা।
বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে ট্রেড ইউনিয়ন সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রমিক নেতা প্রকাশ দত্ত, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের দপ্তর সম্পাদক খালেকুজ্জামান লিপন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা আহসান হাবিব লাবলু, দীলিপ ব্যাপারী, শ্রমিক নেতা আক্তার হোসেন, আব্দুল কুদ্দুস, আব্দুল হাশেম কবির, মতিউর রহমান বক্তব্য রাখেন।
