২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানবন্দরে বাড়তি নিরাপত্তার প্রয়োজন নেই: মন্ত্রী

এক যুবকের ছুরিকাঘাতে আনসার সদস্যের মৃত্যুর পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হলেও বাড়তি নিরাপত্তার প্রয়োজন নেই বলে জানিয়েছেন বিমানমন্ত্রী রাশেদ খান মেনন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2016, 06:14 PM

Updated : 20 Aug 2022, 02:10 PM

সোমবার সকালে বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে বলেন, ওই ঘটনার পর সঙ্গে সঙ্গে বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছিল। বিভিন্ন গেইট ক্লোজ করে দেওয়া হয়েছিল। বিভিন্ন এজেন্সিকে সতর্ক করা হয়েছে।

“আমরা মনে করি, এখন রেড বা অরেঞ্জ অ‌্যালার্টের প্রয়োজন নেই। বর্তমানে যে নিরাপত্তা আছে, সেটি বহাল রেখে এগিয়ে যেতে পারব।”

শিহাব নামের এক যুবক রোববার সন্ধ‌্যার বক জোর করে দেশের প্রধান বিমানবন্দরের বহির্গমন ফটক দিয়ে ঢুকে ছুরি নিয়ে চড়াও হন নিরাপত্তা রক্ষীদের উপর। তার ছুরিকাঘাতে এক আনসার সদস‌্য নিহত এবং আরও তিনজন নিরাপত্তা রক্ষী আহত হন।

আহত অবস্থায় ওই যুবককে গ্রেপ্তারের পর পুলিশ পাহারায় ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।

মন্ত্রী মেনন বলেন, “একটা জিনিস অ‌্যাশিওর করতে চাই, আমাদের এয়ারপোর্টে এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা হতে পারে, কিন্তু তা প্রতিহত করার আন্তরিক প্রচেষ্টা রয়েছে আর সেটি অব্যাহত থাকবে।

“ঘটনাটি যখন ঘটেছে, সেখানে যারা দায়িত্বে ছিলেন, এপিবিএন ও আনসারের সতর্কতা আমাদের সাহায্য করেছে, তারা তাদের জীবন দিয়ে হলেও ঠেকিয়েছে।”

হামলার ঘটনা তদন্তে সিভিল এভিয়েশনের সদস‌্যর (অপারেশন) নেতৃত্বে বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীর প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি করা হবে বলে মন্ত্রী জানান।

“কিভাবে বিমানবন্দরের নিরাপত্তা আরও জোরদার করা যায়, সে ব‌্যাপারে কমিটি সুপারিশও করবে। সুপারিশগুলো সমন্বিত করে নিরাপত্তা পরিকল্পনা তৈরি করা হবে,” বলেন তিনি।

হামলাকারীর পরিচয় জানা যায়নি

অঅনসার সদস‌্যের ওপর হামলাকারীর পরিচয় এখনও জানা যায়নি বলে বলে জানান মেনন।

“কিছু পত্রিকায় এসেছে সে একটি ক্লিনিং কোম্পানির কর্মচারী। কিন্তু এখন পর‌্যন্ত ক্লিনিং কোম্পানির কোনো কর্মী এখানে আছেন এটি প্রমাণিত হয়নি। যারা কাজ করে তাদের ডাটা চেক করে দেখা হচ্ছে। সেকি ভেতরের লোক, নাকি বাইরের, সেটি তদন্ত করে নিশ্চিত হতে হবে।”

এ ঘটনার সঙ্গে অন্য কোনো যোগসূত্র রয়েছে কিনা তাও তদন্ত করে দেখা হবে বলে জানান তিনি।

রাশেদ খান মেনন তার নিজের এবেং সিভিল এভিয়েশনের পক্ষ থেকে নিহত আনসার সদস্য সোহাগ আলীর পরিবারকে এক লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দেন।

এছাড়া আহতদের চিকিৎসার খরচও দেওয়া হবে বলে জানান তিনি।

পুরনো খবর:

বিমানবন্দরে হামলাকারী যুবককে চেনে না কেউ
বিমানবন্দরে আনসার হত‌্যা: গ্রেপ্তার যুবককে আসামি করে মামলা
শাহজালাল বিমানবন্দরে যুবকের ছুরিতে আনসার সদস‌্য নিহত